জামায়াতের আমিরের সঙ্গে বিএনপি চেয়ারম্যানের সাক্ষাৎ। বিএনপির ফেসবুক পেজ থেকে নেওয়া
জামায়াতে ইসলামীর ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় নির্বাচনের পর আজ রবিবার (১৫ ফেব্রুয়ারি) ডা. শফিকুর রহমানের বাসায় যান তারেক রহমান।
আজ বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়, ‘বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন।’
পোস্টে আরও বলা হয়, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী বাংলাদেশে ইতিবাচক রাজনীতির সূচনার অংশ হিসেবে জনাব তারেক রহমান আজ ১৫ ফেব্রুয়ারি ২০২৬, রবিবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমীরের বাসায় গিয়ে এ সাক্ষাৎ করেন।’
নির্বাচনের পর বিএনপি এবং জামায়াত উভয় দলই ইতিবাচক রাজনীতির বার্তা দিয়েছে। জামায়াত আমিরের সঙ্গে বিএনপি চেয়ারম্যানের সাক্ষাতকে সে প্রেক্ষাপটেই দেখছেন সংশ্লিষ্টরা।
জামায়াত আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে তারেক রহমানের সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়েরও এসময় উপস্থিত ছিলেন।

