আইনকে আইনের মতো চলার ব্যবস্থা করব: তারেক রহমান
নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়তে দল-মতো নির্বিশেষে সবার সহযোগিতা চেয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘এবার দেশ গড়ার পালা। দেশ গড়ার এই যাত্রায় আপনি আমি সবাইকে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে কাজ করতে হবে।’
আজ শনিবার বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সরকার গঠনের প্রাক্কালে অর্থনীতি সচল করাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, আইনের শাসন প্রতিষ্ঠাকে বড় চ্যালেঞ্জ বলে সংবাদ সম্মেলনে জানান বিএনপি চেয়ারম্যান।
এক প্রশ্নের জবাবে দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় জোর দিয়ে তিনি বলেন, ‘আইন যাতে আইনের মতো চলে, আমরা সেই ব্যবস্থা করব।’ সংবাদ সম্মেলনে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন তারেক রহমান।
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের জন্য দেশবাসীকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘এই বিজয় বাংলাদেশের, গণতন্ত্রের, গণতন্ত্রকামী জনগণের। আজ থেকে আমরা সবাই স্বাধীন।’ জনগণকে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে তারেক রহমান বলেন, আমরা প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন করব। জনগণ যে বিশ্বাসে বিএনপির পক্ষে রায় দিয়েছে, জনগণের সেই বিশ্বাসের প্রতিদান দিতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
আরেক প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, ‘জনগণকে পক্ষে আনাই ছিল আমাদের ইলেকশন ইঞ্জিনিয়ারিং।’
নেতা-কর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, ‘দুর্বলের ওপর যেন সবলের অত্যাচার না হয়। কোনো বিরোধ যেন প্রতিহিংসায় না গড়ায়। তিনি বলেন, আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন মাথাচাড়া দিতে না পারে এ জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব।’

