বিচারের মুখোমুখি করতে হাসিনার প্রত্যাবর্তন চাইবে বিএনপি: সালাহউদ্দিন
শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে প্রত্যাবর্তনের অনুরোধ জানাবে বিএনপি। আজ শুক্রবার বেলা ৩টায় রাজধানীর গুলশানে দলীয় চেয়ারম্যানের কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের বিজয়ী সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ এ কথা বলেন।
সালাহউদ্দিন বলেন, আমরা আইন অনুযায়ী তার (হাসিনা) প্রত্যর্পণের (এক্সট্রাডিশন) দাবি জানাব। এটি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। আমরা ভারত সরকারের কাছে দাবি জানাব, তাকে যেন বিচারের মুখোমুখি করার জন্য ফেরত পাঠানো হয়।
তিনি বলেন, বাংলাদেশের বহুল প্রত্যাশিত জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে এবং সুষ্ঠু-নিরপেক্ষ একটা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যার জন্য সারা বিশ্ব অপেক্ষা করছিল।
সালাহউদ্দিন বলেন, শক্তিশালী গণতন্ত্রের ভিত্তি রচনা শুরু হয়েছে। গণতান্ত্রিক যাত্রা অব্যাহত থাকবে। এ দেশের সব রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কার এবং সংবিধানের কাঙ্ক্ষিত গণতান্ত্রিক সংস্কার করা হবে, যেটা আমাদের ৩১ দফার উদ্দেশ্য ছিল এবং তার ভিত্তিতে আমরা আমাদের ইশতেহার প্রণয়ন করেছি।
সালাহউদ্দিন বলেন, ‘জুলাই জাতীয় সনদ’ একটি রাজনৈতিক সমঝোতার দলিল। তা অক্ষরে অক্ষরে পালন করা হবে।

