আচরণবিধি লঙ্ঘন
জামায়াত প্রার্থী আমির হামজাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে কারাদণ্ড
নির্বাচনী আচরণ বিধিমালা লঙ্ঘনের দায়ে কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী আমির হামজাকে পাঁচ হাজার টাকা করে দুটি মামলায় ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। অনাদায়ে প্রতিটি মামলায় তিন দিন করে মোট ছয় দিনের কারাদণ্ডের আদেশও দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার নির্বাচন অনুসন্ধান ও তদন্ত কমিটি এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আব্দুল হাই এ রায় ঘোষণা করেন। পরে আমির হামজার পক্ষে তার আইনজীবী কাজী তৌফিকুল ইসলাম জরিমানার অর্থ পরিশোধ করেন।
আদালত সূত্রে জানা যায়, কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানাধীন শান্তিডাঙ্গা গ্রামের বাসিন্দা রাশেদ আহমেদ গত ৮ তারিখ আমির হামজার বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগে দুটি মামলা দায়ের করেন। অভিযোগ তদন্তে সত্যতা পাওয়ায় আদালত এই দণ্ডাদেশ দেন।
রায়ে উল্লেখ করা হয়, কুষ্টিয়া মডেল থানার মজমপুর গেট, পাঁচ রাস্তার মোড়, থানা মোড়সহ বিভিন্ন নির্বাচনী এলাকায় সরেজমিনে পরিদর্শন করে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ী প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট হিসেবে সংক্ষিপ্ত আদালত পরিচালনা করা হয়। এ সময় মজমপুর গেটে সাঁটানো আমির হামজার ব্যানারে মুদ্রণকারী প্রতিষ্ঠানের নাম, ঠিকানা ও মুদ্রণের তারিখ না থাকার প্রমাণ পাওয়া যায়।
পরবর্তীতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আমির হামজার আইনজীবী তৌহিবুল ইসলাম তুহিন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এবং এ বিষয়ে ভুল স্বীকার করেন।
রায়ের প্রতিক্রিয়ায় মামলার বাদী রাশেদ আহমেদ বলেন, “রায়ে আমি সন্তুষ্ট। তবে এখনো সব ব্যানার ও পোস্টার অপসারণ করা হয়নি। বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়েছে।”
আদালত রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ বিধিমালা, ২০২৫-এ বর্ণিত সব বিধিনিষেধ যথাযথভাবে অনুসরণ করার নির্দেশ প্রদান করেছেন।

