ঢাকা শহরে ৪০টি আধুনিক খেলার মাঠ তৈরি করবে বিএনপি: তারেক রহমান
ভিডিও থেকে নেওয়া ছবি
বিএনপি সরকার গঠন করলে ঢাকা শহরে ৪০টি আধুনিক খেলার মাঠ তৈরি করা হবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেন, ‘আমাদের শিশুরা যেনো স্মার্টফোনের আসক্তি ছেড়ে মাঠে ফেরার সুযোগ পায়। পাশাপাশি যানজট নিরসনে রাস্তা প্রশস্তকরণ এবং নাগরিক সুবিধা বৃদ্ধি করা হবে।’
আজ রোববার (৮ ফেব্রুয়ারি) ঢাকায় নির্বাচনি প্রচারণার প্রথম দিনে বিকাল ৩টা ৪৫ মিনিটে ঢাকা-১৭ আসনে মিরপুরের ইসিবি চত্বরে এক পথসভায় বিএনপি চেয়ারম্যান এই প্রতিশ্রুতি দেন।
তারেক রহমান বলেন, ‘আমি এই মাটিরই সন্তান। আপনাদের মাঝেই আমার বেড়ে ওঠা। তাই এই এলাকার মানুষের সুখ-দুঃখের সঙ্গে আমার নাড়ির টান। আমরা এমন এক ঢাকা গড়তে চাই যেখানে প্রতিটি নাগরিক বুক ভরে শ্বাস নিতে পারবে এবং নিরাপদে বসবাস করবে।’
তিনি বলেন, ‘আমার দল ইনশাআল্লাহ আপনাদের ভোটে এবং এই দেশের মানুষের ভোটে নির্বাচিত হলে আমরা সমগ্র দেশের শহর, এই ঢাকা শহরকে একটি নিরাপদ শহরে রূপান্তরিত করতে চাই। যেই শহরে মা বোনেরা নিরাপদে নিশ্চিন্তে যে কোন সময়ে হাঁটতে পারবেন, যেই শহরের মানুষ নিরাপদে বসবাস করতে পারবেন, ব্যবসা-বাণিজ্য, চাকরি-বাকরি করতে পারবেন। আমরা ঢাকাকে একটি সুন্দর শহর গড়ে তুলতে চাই। যে শহরে মানুষ বুক ভরে শ্বাস নিতে পারবেন।’
খেলার মাঠ করে দেওয়ার কথা দিয়ে তারেক বলেন, ‘এখানে একটু আগে আবদুস সালাম সাহেব বলেছেন, এই এলাকায় খেলার মাঠ নেই। আপনাদের সকলের জানার জন্য আমি বলতে চাই যে, ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে বিএনপি ১২ তারিখে সরকার গঠন করলে শুধু এই এলাকাতে নয়, ঢাকা শহরে অন্তত ৪০টি খেলার মাঠ তৈরি করব ইনশাল্লাহ যাতে করে আমাদের সন্তানেরা খোলা মাঠে খেলাধুলা করতে পারে, যাতে করে আমাদের মুরুব্বিরা, মা বোনেরা বিকেল বেলায় বা তাদের প্রয়োজনের সময় যেন মাঠে হাঁটা-চালা করতে পারেন।’
নিজের সম্পর্কে তিনি বলেন, ‘আমি আপনাদের প্রার্থী, ধানের শীষের প্রার্থী, এই এলাকা থেকে ঢাকা-১৭ থেকে থেকে প্রার্থী হয়েছি। আমি এই এলাকারই সন্তান, আমি ছোটবেলা থেকে, আমার শিশু বয়স থেকে আমি এই এলাকাতেই বড় হয়েছি, আমার সন্তানেরা এই এলাকায় জন্মগ্রহণ করেছে আমার এবং আমার ভাইয়ের, আমাদের বিয়ে শাদী এই এলাকাতেই হয়েছে। কাজেই আমি এই এলাকারই সন্তান এবং এই এলাকার সন্তান হিসাবে এই এলাকার মুরুব্বি, এলাকার মায়েদের কাছে, এই এলাকার ভাইদের কাছে, এলাকার বোনদের কাছে আজ আমি ধানের শীষের জন্য ভোট চাইছি।’
তারেক রহমান বলেন, ‘আজ আমি ধানের শীষকে জয়যুক্ত করার জন্য আমার এলাকাবাসী ভাই-বোন, মুরুব্বীদেরকে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি, যাতে আগামী ১২ তারিখের নির্বাচনে আপনারা এলাকায় এই এলাকায় ধানের শীষকে ইনশাআল্লাহ নির্বাচিত করেন।’

