এবারের নির্বাচনের মধ্যদিয়ে নতুন বাংলাদেশের যাত্রা হবে: সালাহউদ্দিন
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৩ পিএম
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মধ্যদিয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। আজ শনিবার বিকেলে কক্সবাজারের চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে এমন মন্তব্য করেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচন হবে দেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন। এ নির্বাচনের মাধ্যমে দেশের বাঁক বদলে যাবে। দেশ নিয়ে বিএনপি যে পরিকল্পনা ঘোষণা করেছে; তা বাস্তবায়ন করা হবে।
সালাহউদ্দিন বলেন, দেশের ১৮ কোটি মানুষের ছত্রিশ কোটি হাতকে কর্মের হাতে পরিণত করতে চায় বিএনপি। যার ফলে দেশে কোনো বেকার থাকবে না। নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড, কৃষকদের কৃষি কার্ড, চিকিৎসা সেবা নিশ্চিতে হেলথ কার্ড দেওয়ার কথা জানিয়ে ক্ষমতায় গেলে মাতামুহুরি উপজেলা বাস্তবায়ন, লবণের ন্যায্য মূল্য নির্ধারণ করাসহ নানা প্রতিশ্রুতি তুলে ধরেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।
ধানের শীষকে মানুষের, গণতন্ত্রের মার্কা উল্লেখ করে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, দেশের উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির স্বার্থে আগামী ১২ ফেব্রুয়ারি দেশের মানুষ ধানের শীষে ভোট দিবেন।
