ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: তারেক রহমান
বিএনপি ক্ষমতায় গেলে যত দ্রুত সম্ভব তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার নীলফামারীতে নির্বাচনি জনসভায় তিনি এ কথা জানান।
তারেক রহমান বলেন, ১২ তারিখে দেশের মানুষ এবার ভোট দেবে। শুধু ভোট দিলে চলবে না দেশ গঠন করতে হবে। এটি করতেই হবে কারণ আমাদের যাওয়ার কোনো জায়গা নেই। আমাদের প্রথম এবং শেষ ঠিকানা বাংলাদেশ।
তারেক রহমান বলেন, এই এলাকায় ইপিজেড আছে। আমরা এটিকে আরও বড় করতে চাই। যাতে এই এলাকার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। আমাদের ছেলেমেয়েদের দক্ষ করতে এই এলাকায় প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলতে চাই। এতে তারা দক্ষ শ্রমিকে পরিণত হবে।
বিএনপি জয়যুক্ত হলে মা-বোনদের স্বাবলম্বী করে গড়ে তোলা হবে উল্লেখ করে তারেক রহমান বলেন, আমরা প্রত্যেক নারীর কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। এর মাধ্যমে প্রত্যেক মা সরকারের পক্ষ থেকে সহযোগিতা পাবেন। কৃষকদের জন্যও পরিকল্পনা রয়েছে। এই এলাকা কৃষিনির্ভর এলাকা। কৃষকরা ভালো থাকলে দেশের মানুষ ভালো থাকবে। তারা যাতে সহজে কৃষিজাত পণ্য পেতে পারেন সেজন্য আমরা তাদের কাছে কৃষি কার্ড পৌঁছে দেব।

