এই নির্বাচন জনগণের হারানো অধিকার প্রতিষ্ঠা ও দেশ পুনর্গঠনের নির্বাচন: তারেক রহমান
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আসন্ন নির্বাচন শুধু জনপ্রতিনিধি নির্বাচনের জন্য নয়, গত একযুগ ধরে জনগণের হারিয়ে যাওয়া অধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং দেশকে নতুন করে পুনর্গঠনের নির্বাচন। আজ শনিবার দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে এক নির্বাচনী জনসমাবেশে তিনি এসব কথা বলেন।
ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অন্যান্যের মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপি রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবীব দুলু বক্তব্য দেন।
তারেক রহমান বলেন, আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। এখন সব মানুষকে সাথে নিয়ে দেশকে পুনর্গঠন করতে চাই। এ কাজে দেশের মালিক জনগণের সহযোগিতা ও সমর্থনের পাশাপাশি ধানের শীষে ভোট চান তিনি।
ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুরের মতো কৃষিনির্ভর উত্তরাঞ্চলের মানুষের কর্মসংস্থানের জন্য কৃষিনির্ভর শিল্প বিকশিত করা হবে উল্লেখ করে তারেক রহমান বলেন, আমরা এই এলাকার কৃষকদের পাশে যেমন দাঁড়াব, কৃষিঋণ মওকুফ করব, ঠিক একইভাবে আমরা এই এলাকাতে কৃষিনির্ভর শিল্প বিকশিত করব। এতে করে এই এলাকার মানুষের কর্মসংস্থান হবে ।
এলাকায় বেকার যুবকদের প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়ে বিএনপির চেয়ারম্যান বলেন, আমরা আমাদের যুবক, তরুণদেরকে প্রশিক্ষণ দিয়ে দক্ষ শ্রমিক হিসেবে গড়ে তুলতে চাই। যাতে করে তারা নিজেদের এলাকা অথবা বিদেশে গিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করে নিতে পারে।
সরকার গঠন করতে পারলে ফ্যামিলি কার্ড, ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের প্রতিশ্রুতিও দেন তারেক রহমান। এছাড়া, তিনি ঠাকুরগাঁও চিনিকল আধুনিকীকরণ ও পঞ্চগড়ের চিনিকল পুনরায় চালু করাসহ মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনের আশ্বাস দেন।

