Logo
Logo
×

রাজনীতি

নতুন জালিমদের আবির্ভাব দেখতে চায় না মানুষ: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩২ পিএম

নতুন জালিমদের আবির্ভাব দেখতে চায় না মানুষ: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়, চায় সংস্কার ও ইনসাফভিত্তিক বাংলাদেশ। ৫ আগস্টের পর তারা নতুন কোনো জালিমের আবির্ভাব দেখতে চায় না। আজ শুক্রবার সকালে সাভার পৌর এলাকার মাতৃবাগান মসজিদসংলগ্ন মাঠে ঢাকা-১৯ আসনে ১১ দলীয় জোট-সমর্থিত প্রার্থীর নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম আরও বলেন, ৫ আগস্টের পর যারা নতুন করে চাঁদাবাজি, জমি দখল ও নির্যাতনের সঙ্গে জড়িত, তারা আইনত জালিম। আগামী ১২ ফেব্রুয়ারি সেই জালিমদের প্রতিহত করার দিন।

তিনি বলেন, ‘আবার যদি ঋণখেলাপি, ভূমিদস্যু কিংবা বিদেশি নাগরিকত্বধারীরা সংসদে যান, তাহলে দেশে প্রকৃত কোনো পরিবর্তন হবে না। শুধু একটি দলের জায়গায় আরেকটি দল প্রতিস্থাপিত হবে। এ জন্যই মানুষ গণ-অভ্যুত্থান করেনি কিংবা জীবন ও রক্ত দেয়নি।’

নাহিদ ইসলাম বলেন, দুর্নীতিমুক্ত ও ইনসাফভিত্তিক নতুন বাংলাদেশ গড়তে ১১টি দল ঐক্যবদ্ধ হয়েছে। ইনসাফ ও ন্যায়বিচারের বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যেই তাঁরা এবারের নির্বাচনে অংশ নিয়েছেন। তিনি বলেন, এবারের নির্বাচন সরকার গঠনের নির্বাচন এবং এর জন্য ৩০০ আসনকেই সমান গুরুত্ব দিতে হবে। এর মধ্যে ঢাকা-১৯ একটি গুরুত্বপূর্ণ আসন।

এনসিপির সাভার উপজেলা আহ্বায়ক জুলকারনাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন ঢাকা-১৯ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী দিলশানা পারুল, জামায়াতে ইসলামীর ঢাকা জেলার আমির দেলোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক আফজাল হোসাইন, রাজনৈতিক সেক্রেটারি হাসান মাহবুব মাস্টার, সাংস্কৃতিক-বিষয়ক সম্পাদক লুৎফর রহমান মোল্লা, সাভার পৌর আমির আজিজুর রহমান, সাভার থানার আমির আব্দুল কাদের ও আশুলিয়া থানার আমির বশির উদ্দিনসহ দলটির স্থানীয় নেতারা।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন