যশোরে তারেক রহমানের জনসভায় লোকে লোকারণ্য
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী জনসভাকে ঘিরে যশোরে সৃষ্টি হয়েছে জনসমুদ্র। আজ সোমবার সকাল থেকেই যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠে দলে দলে নেতাকর্মীরা এসে জড়ো হতে শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুরো এলাকা লোকে লোকারণ্য হয়ে ওঠে।
সকাল থেকে বিভিন্ন উপজেলা ও পার্শ্ববর্তী জেলা থেকে আগত নেতাকর্মীরা বর্ণিল সাজে, নেচে-গেয়ে জনসভাস্থলের দিকে আসতে থাকেন। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে যশোর শহরসহ আশপাশের এলাকা।‘তারেক জিয়া আসছে, যশোরবাসী হাসছে’ এবং ‘তারেক জিয়া আসছে, বাংলাদেশ হাসছে’—এমন স্লোগানে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
সোমবার বেলা ১১টার পর থেকে উপশহর ডিগ্রি কলেজের বিশাল মাঠে জনসমাগম আরও বাড়তে থাকে। বিশেষ করে নারী নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনেকের কপালে ফিতা বাঁধা, মাথায় টুপি—একেক গ্রুপ একেক রকম সাজে সজ্জিত হয়ে সমাবেশস্থলে হাজির হন।
এদিকে সকাল থেকেই প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদলে সজ্জিত হয়ে ছোট ছোট শিশুদের মাঠজুড়ে ঘুরে বেড়াতে দেখা যায়। কেউ পুরো শরীরে ধানের শীষের প্রতীক ধারণ করেছেন, কারো হাতে জাতীয় পতাকা, আবার কেউ বহন করছেন দলীয় পতাকা।

