Logo
Logo
×

রাজনীতি

সিইসির কাছে আসনভিত্তিক তথ্য দাবি

অস্বাভাবিক ভোটার স্থানান্তরের অভিযোগ বিএনপির

Icon

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩৫ পিএম

অস্বাভাবিক ভোটার স্থানান্তরের অভিযোগ বিএনপির

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কিছু নির্বাচনি এলাকায় অস্বাভাবিক সংখ্যক ভোটার স্থানান্তরিতের অভিযোগ তুলেছে বিএনপি। দলটি নির্বাচন কমিশনের (ইসি) কাছে এলাকাভিত্তিক ভোটার স্থানান্তরের বিস্তারিত তথ্য দাবি করেছে। আজ রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান। 

নজরুল ইসলাম খান বলেন, ‘গত এক-দেড় বছরের মধ্যে বিশেষ কিছু এলাকায় বিপুল সংখ্যক নতুন ভোটার হয়েছে, যা অত্যন্ত অস্বাভাবিক। ইসি জানিয়েছে কোনও আসনেই ২ থেকে ৩ হাজারের বেশি মাইগ্রেশন হয়নি। কিন্তু আমরা এই তথ্যে সন্তুষ্ট হতে পারিনি। আমাদের কাছে অভিযোগ আছে, অনেক জায়গায় একটি হোল্ডিং নাম্বারে যেখানে ৫ জন থাকার কথা, সেখানে ২০-৩০ জন ভোটার করা হয়েছে।” তিনি এই মাইগ্রেশনের সঠিক ও আসনভিত্তিক তথ্য প্রকাশের দাবি জানান। 

নির্বাচনি প্রচারণায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে ধরে নজরুল ইসলাম খান বলেন, ‘কোনও কোনও এলাকায় ধর্মীয় বিশ্বাস ও আবেগকে আহত করা হচ্ছে। প্রচার করা হচ্ছে যে কবরে ফেরেশতারা তিনটি প্রশ্নের বদলে চারটি প্রশ্ন করবেন; চতুর্থ প্রশ্ন হবে—অমুক প্রতীকে ভোট দিয়েছো কিনা? এটি হাস্যকর এবং চরম দুর্ভাগ্যজনক। মানুষের বিশ্বাস নিয়ে খেলা করা কোনোমতেই গ্রহণযোগ্য নয়।’ 

বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ও নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন