Logo
Logo
×

রাজনীতি

তারেক রহমানের জনসভা ঘিরে রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে জনতার ঢল

Icon

রংপুর প্রতিনিধি

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ০৮:৪৫ পিএম

তারেক রহমানের জনসভা ঘিরে রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে জনতার ঢল

কালেক্টরেট ঈদগাহ মাঠে জনতার ঢল। ছবি: সংগৃহীত

দীর্ঘ দুই দশক পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে মিছিলের নগরীতে পরিণত হয়েছে রংপুর। দুপুর থেকে রঙ-বেরঙের ব্যানার, ফেস্টুন-পতাকা হাতে বিভিন্ন স্লোগানে দিয়ে শহরে প্রবেশ করছেন দলীয় নেতাকর্মীরা।

আজ শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নগরীর বিভিন্ন প্রবেশ পথ ধরে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভাস্থল কালেক্টরেট ঈদগাহ মাঠে আসতে শুরু করেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ। দলীয় প্রধানের এ জনসভায় যোগ দিতে রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী, দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগাঁও থেকে বাস মাইক্রোবাসসহ বিভিন্ন ধরনের যানবাহনে আসছেন সেখানকার নেতারা।

বিকেল সাড়ে ৪টার দিকে জনসভা শুরু হয়। রংপুর বিভাগের ৩৩টি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থীরা বক্তব্য রাখছেন। মঞ্চে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আসাদুল হাবিব দুলুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন।

বিএনপি নেতারা জানান, নির্বাচনি প্রচারের অংশ হিসেবে আজ ঐতিহাসিক রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে বিভাগীয় জনসভায় তারেক রহমান নেতাকর্মী ও ভোটারদের উদ্দেশে বক্তব্য দেবেন।

বিএনপির নেতাকর্মীরা বলছেন, রংপুরের জনসভায় তারেক রহমানের আগমনকে ঘিরে নেতাকর্মীরা উজ্জীবিত। আগামীতে বিএনপি সরকার গঠন করবে এবং রংপুরকে বৈষম্যমুক্ত করে উন্নয়নের মূল স্রোতধারায় নিয়ে যাবেন তারেক রহমান। রংপুরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা-স্বাস্থ্যসহ সার্বিক উন্নয়নে বিএনপি রংপুর বিভাগের পক্ষ থেকে তারেক রহমানের কাছে নানা দাবি তুলে ধরা হবে। 

এদিকে জনসভায় অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনী ব্যাপক তৎপর রয়েছে। রংপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, শুক্রবার জনসভাস্থল, বিভিন্ন সড়ক, নগরীর প্রবেশ মুখে পোশাকধারী ও সাদাপোশাকে পুলিশ মোতায়েন থাকবে। এছাড়া পুরো নগরীতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে বিএনপি আয়োজিত নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান। পরে রাতেই রংপুর থেকে বগুড়ায় ফিরবেন। সেখানে রাতযাপন করে পরদিন শনিবার সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে জনসভায় অংশ নেবেন তারেক রহমান।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন