সুদসহ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হবে: তারেক রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পেয়ে ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে আয়োজিত নির্বাচনি জনসভায় দেওয়া বক্তৃতায় তিনি এই প্রতিশ্রুতি দেন।
তারেক রহমান বলেন, গেল ১৭ বছর দেশের মানুষের জন্য কোনো কাজ হয়নি। মেগা-প্রকল্পের নামে মেগাদুর্নীতি হয়েছে। জিয়াউর রহমানের হাত ধরে শুরু হওয়া বরেন্দ্র প্রকল্প খালেদা জিয়ার শাসনামলে আরও বড় হয়েছিল, কিন্তু বরেন্দ্র প্রকল্প আজ বন্ধ। ক্ষমতায় গেলে এই প্রকল্প চালু করতে চাই, খাল খনন করতে চাই, পদ্মা নদী খনন করতে চাই।
পদ্মা পাড়ের মানুষের উদ্দেশে তারেক রহমান প্রতিশ্রুতি ব্যক্ত করেন পদ্মা ব্যারেজ করার; যেটি হলে সবাই সুবিধা ভোগ করবে। সেই সঙ্গে রাজশাহীর আমের জন্য হিমাগার করা এবং কর্মসংস্থান তৈরি করার কথাও বলেন তারেক রহমান।
এজন্য পুরো উত্তরাঞ্চলের প্রত্যেকটি আসনে ধানের শীষের প্রার্থীকে নির্বাচিত করার আহ্বান জানান বিএনপির চেয়ারম্যান।
তিনি বলেন, দেশ গণতন্ত্রের দিকে নাকি অন্য দিকে যাবে? ১২ তারিখে দেশের মানুষকে সেই সিদ্ধান্ত নিতে হবে। গণতন্ত্র ধরে না রাখতে পারলে মেগা প্রকল্প, জনগণের প্রকল্প হবে না। যেকোনো মূল্যে গণতন্ত্রের ঝান্ডা ধরে রাখতে হবে।

