Logo
Logo
×

রাজনীতি

১৯৭১ সালে তারা কী করেছিল, তা ভেবে সিদ্ধান্ত নেবেন: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ০৩:৫৭ পিএম

১৯৭১ সালে তারা কী করেছিল, তা ভেবে সিদ্ধান্ত নেবেন: মির্জা ফখরুল

জামায়াতে ইসলামীর ভূমিকা স্মরণ করে ভোটের সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রবিবার ঠাকুরগাঁও সদর উপজেলার বরুনাগাঁও মাদ্রাসা মাঠ ও চেরাডাঙ্গীতে গণসংযোগের তৃতীয় দিনে আয়োজিত পৃথক দুটি পথসভায় এসব কথা বলেন তিনি।

বিএনপির মহাসচিব বলেন, ১৯৭১ সালে তারা কী করেছিল, তা মানুষ ভুলে যায়নি। তাই সিদ্ধান্ত নেওয়ার সময় ভেবেচিন্তে সঠিক সিদ্ধান্ত নেবেন।

মির্জা ফখরুল বলেন, ১৯৭১ সালে আমরা এই দাঁড়িপাল্লা মার্কাকে দেখেছি। তারা পাকিস্তান সেনাবাহিনীকে সহযোগিতা করেছিল এবং আমাদের মা-বোনদের তাদের হাতে তুলে দিয়েছিল। এটি একটি ঐতিহাসিক সত্য। 

এর আগে বক্তব্যের শুরুতেই মির্জা ফখরুল নিজের দলের নেতা-কর্মীদের কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, আমি পরিষ্কার করে বলতে চাই, আমার দলের কোনো লোক যদি কোনো ধরনের দুর্বৃত্তায়ন বা অপরাধের সঙ্গে জড়িত থাকে, আমাদের জানাবেন। আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব। আওয়ামী লীগ যে অপকর্ম করেছে, আমার দলের লোককে আমরা তা করতে দেব না।

ঠাকুরগাঁও অঞ্চলে জামায়াতের রাজনৈতিক প্রভাব নিয়ে মন্তব্য করতে গিয়ে মির্জা ফখরুল বলেন, নৌকা আর ধানের শীষকে সবাই চেনে, কিন্তু দাঁড়িপাল্লাকে এই অঞ্চলের মানুষ সেভাবে চেনে না। জামায়াত পুরোনো দল হলেও আমাদের সঙ্গে তাদের পার্থক্য বিশাল। বিএনপি একটি পরীক্ষিত দল, যারা পাঁচবার সুনামের সঙ্গে সরকার চালিয়েছে।

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সততা ও খালেদা জিয়ার ত্যাগের কথা স্মরণ করে মির্জা ফখরুল বলেন, ‘আমরা রাজনীতি করে সম্পদ বাড়াইনি, বরং বাপ-দাদার জমি বিক্রি করে রাজনীতি করেছি। আপনাদের আমানত নিয়ে আমরা খেয়ানত করব না।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন