Logo
Logo
×

রাজনীতি

চট্টগ্রামে তারেক রহমান

Icon

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ০৯:৫৪ পিএম

চট্টগ্রামে তারেক রহমান

চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে তারেক রহমান। বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজ থেকে নেওয়া ছবি

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ২০ বছর পর চট্টগ্রামে এসেছেন। আজ শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি ঢাকা থেকে বিমানে করে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে আসেন। এরপর লাল–সবুজ রঙের বুলেটপ্রুফ বাসে করে বিমানবন্দর থেকে রওনা দেন নগরের স্টেডিয়াম এলাকায় অবস্থিত হোটেল র‍্যাডিসন ব্লু বে–ভিউতে যান তিনি। 

বাসের গায়ে লেখা ছিল ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান। এর আগে বিমানবন্দরে আগে থেকে উপস্থিত দর্শনার্থী ও নেতা-কর্মীদের মুখোমুখি হন তিনি। সবাইকে হাত নেড়ে শুভেচ্ছা জানিয়ে দলীয় নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

আগামীকাল রবিবার (২৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে নগরের পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত দলীয় সমাবেশে প্রধান অতিথি হয়ে তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

এদিকে, তারেক রহমানকে একনজর দেখার জন্য বিমানবন্দর থেকে পতেঙ্গা সৈকত এবং লালখান বাজার থেকে র‍্যাডিসন ব্লু হোটেল পর্যন্ত সন্ধ্যা থেকেই শত শত মানুষ ভিড় জমান। তার গাড়িবহর পার হওয়ার সময় স্লোগান দিয়ে স্বাগত জানান তারা। জনতাকে বাসের সামনের দিকে দাঁড়িয়ে ভেতর থেকে হাত নেড়ে জবাব দেন তারেক রহমান। তারেক রহমানকে বহনকারী গাড়িবহর ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তা ছিল।

তারেক রহমানকে স্বাগত জানাতে বিমানবন্দরে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমদ, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন, নগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেমসহ অন্যান্য নেতারা।

উল্লেখ্য, বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সর্বশেষ ২০১২ সালের ৯ জানুয়ারি চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দিয়েছিলেন। এর ১৪ বছর পর একই মাঠে দলটির চেয়ারম্যান হিসেবে তার সন্তান তারেক রহমানের বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

তারেক রহমান সর্বশেষ চট্টগ্রাম সফরে আসেন ২০০৫ সালের ৬ মে। তখন তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন। চলতি বছরের ৯ জানুয়ারি তাকে দলের চেয়ারম্যান ঘোষণা করা হয়। ফলে দলের প্রধান হিসেবে এবারই প্রথম চট্টগ্রামে আসেন তিনি। ২০০৫ সালে তার ওই সফরে সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী মীর মোহাম্মদ নাছির উদ্দিনের পক্ষে আয়োজিত সভায় তিনি বক্তব্য দিয়েছিলেন। সে হিসেবে দীর্ঘ ২০ বছর পর চট্টগ্রামে বড় কোনো জনসমাবেশে বক্তব্য দেবেন তারেক রহমান।

বিএনপি সূত্রে জানা যায়, তারেক রহমান চট্টগ্রামসহ চার জেলায় ছয়টি নির্বাচনি জনসভায় যোগ দেবেন। পলোগ্রাউন্ডে সমাবেশের পর বিকালে তিনি ফেনীতে যাবেন। সেখানে ফেনী পাইলট স্কুল খেলার মাঠে বিকাল ৪টায় জনসভায় যোগ দেবেন তিনি। এরপর বিকাল ৫টা ৩০ মিনিটে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠে আরেকটি জনসভায় তারেক রহমানের অংশ নেওয়ার কথা রয়েছে। কুমিল্লায় আরও দুটি জনসভা করবেন তিনি। এর একটি সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে সুয়াগাজী ডিগবাজির মাঠে, অন্যটি সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে দাউদকান্দির কেন্দ্রীয় ঈদগাহ মাঠে। কুমিল্লা থেকে ঢাকায় ফেরার পথে নারায়ণগঞ্জে এসে একটি জনসভায় যোগ দেবেন বিএনপির চেয়ারম্যান। এই জনসভা রাত সাড়ে ১১টায় কাঁচপুর বালুর মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন