একটি শক্তি বিদেশিদের গোলামি করে রাজনীতি করছে: সালাহউদ্দিন আহমদ
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ০৭:০৯ পিএম
সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা ভারতের পক্ষের শক্তি ছিল তারা ভারতে পালিয়েছে। আরেকটি শক্তি বিদেশি শক্তির গোলামি করে, তারা বাংলাদেশের বিভিন্ন রকম বিভ্রান্তি করে রাজনীতি করছে। আমরা বাংলাদেশের শক্তি, বাংলাদেশের মানুষের পক্ষের শক্তি। আমাদের স্লোগান হচ্ছে সবার আগে বাংলাদেশ।
আজ শুক্রবার (২৩ জানুয়ারি) কক্সবাজারের চকরিয়ায় সুরাজপুর-মানিকপুরে গণসংযোগে এ কথা বলেন তিনি। সালাহউদ্দিন আহমদ কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী।
অগণতান্ত্রিক শক্তির উত্থানে সবার একই পরিণতি হবে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, বিএনপি দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করেছে। বিএনপি শহীদদের প্রত্যাশা অনুযায়ী একটি শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ। তাই আগামী ১২ ফেব্রুয়ারি সবাইকে স্বাধীনভাবে মুক্ত পরিবেশে ভোট দেওয়ার আহ্বান জানাই।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে এমন ব্যবস্থা গড়ে তোলা হবে, দেশের কোনো মানুষকে যেন দারিদ্র্যসীমার নিচে বসবাস করতে না হয়। তার জন্য একটি অর্থনৈতিক পরিকল্পনা সাজিয়েছে বিএনপি। নারীর ক্ষমতায়ন, আর্থিক সচ্ছলতা বৃদ্ধিতে অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। কৃষকদের দেওয়া হবে কৃষি কার্ড। স্বাস্থ্য কার্ডের মাধ্যমে জনগণ সরকারি ও বেসরকারি হাসপাতালে উন্নত চিকিৎসা পাবে।
এ সময় বিএনপির এ নেতা জানান, বিএনপি প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি রক্ষা করে।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, যুবদলের সভাপতি মোহাম্মদ জাকারিয়া প্রমুখ।
