Logo
Logo
×

রাজনীতি

আগে ভোট ডাকাতি হয়েছে, এখন এরা ভোট ইঞ্জিনিয়ারিং করছে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ০৮:৪০ পিএম

আগে ভোট ডাকাতি হয়েছে, এখন এরা ভোট ইঞ্জিনিয়ারিং করছে: তারেক রহমান

একটি দল প্রবাসীদের ভোট ডাকাতির চেষ্টা করছে অভিযোগ করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এরা স্বাধীনতার বিপক্ষে কাজ করেছে। এ ব্যাপারে সবাইকে  সজাগ ও সতর্ক থাকা দরকার। এরা সৎ মানুষের শাসন কায়েম করতে চায় বলে। কিন্তু এ দেশের মানুষ স্বাধীনতা যুদ্ধের সময় মানুষ চিনে ফেলেছে। নতুন করে চেনার প্রয়োজন নেই।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারের প্রথম দিনে আজ বৃহস্পতিবার হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ মাঠে এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান আরও বলেন, একদল দিল্লি অন্যদল পিন্ডি পালিয়ে যায়। কিন্তু খালেদা জিয়া কোনো সময়ই দেশ ছেড়ে পালাননি। তাই বিএনপি সব সময় বলে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ।

দলটিকে ইঙ্গিত করে তারেক রহমান বলেন, এরা মানুষকে বিভ্রান্ত করছে। আগে ভোট ডাকাতি হয়েছে, চুরি হয়েছে; এখন এরা ভোট ইঞ্জিনিয়ারিং করছে। তিনি ইলেকশন ইঞ্জিনিয়ারিং যাতে না হয় সেজন্য তাজ্জুতের নামাজ পড়ে ভোট কেন্দ্রে গিয়ে ফজরের নামাজ পড়ার আহ্বান জানান।

তারেক রহমান বলেন, বিগত ১৫ বছর নির্বাচনের নামে প্রহসন করা হয়েছে। তথাকথিত নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। দেশের অনেক তরুণ-তরুণী আছেন যারা জন্মের পর এখন পর্যন্ত ভোট দিতে পারেননি। আগামী ১২ ফেব্রুয়ারি জনগণ যাতে ভোট দিতে পারে আমরা তা চাই। এমন লোককে নির্বাচন করুন যার কাছে এলাকার সমস্যা সম্পর্কে কথা বলতে পারেন। বিগত সরকারের আমলে এ অঞ্চলে যেকোনও উন্নয়ন হয়নি মহাসড়কের অবস্থা দেখে বোঝা যায়। নিশ্চয়ই গ্রামের রাস্তার অবস্থা আরও শোচনীয়।

বিএনপির চেয়ারম্যান বলেন, বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে গ্রামের গরিব মানুষের জন্য পারিবারিক কার্ড দেওয়া হবে। কারিগরি প্রশিক্ষণ দিয়ে দক্ষ শ্রমিক বিদেশে পাঠানো হবে। কৃষকরা যাতে সার বীজ পায় সেজন্য কৃষি কার্ড ব্যবস্থা করা হবে। তাদের জন্য শস্যবীমা চালু করা হবে। ইমাম মোয়াজ্জিনদের জন্য সরকারিভাবে সম্মানী ভাতা দেওয়া হবে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন