কর্মসংস্থান সৃষ্টি করাই আমাদের লক্ষ্য: তারেক রহমান
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সরকার গঠন করতে পারলে বিদেশে গমনেচ্ছুদের ভাষা ও কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করবে বিএনপি যাতে তারা দক্ষ ও স্বাবলম্বী হয়ে নিজের পায়ে দাঁড়াতে পারেন। তিনি বলেন, 'আমরা চাই মানুষগুলোকে দক্ষ করে গড়ে তুলে দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে।'সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আজ বৃহস্পতিবার বিকেলে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেটের প্রবাসীদের অবদানের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, সিলেটের অধিকাংশ মানুষ লন্ডন, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকেন। তাদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিকে সচল রেখেছে। আমরা চাই এই মানুষগুলোকে আরও দক্ষ করে গড়ে তুলতে। সরকার থেকেও আমরা ইনশা আল্লাহ সেই ব্যবস্থা গ্রহণ করব, যাতে সেই দক্ষ মানুষটিকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে পারি।
তারেক রহমান বলেন, বহু মানুষের জীবনের ত্যাগের বিনিময়ে আজ আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার পথে এগিয়ে যাচ্ছি। কিন্তু গত কয়েক দিন ধরে আমরা খেয়াল করছি, দেশের ভেতরে ও বাইরে কিছু মহল ষড়যন্ত্রের চেষ্টা করছে।
পোস্টাল ব্যালট নিয়ে শঙ্কার কথা জানিয়ে তারেক রহমান বলেন, সাম্প্রতিক সময়ে আপনারা পত্রপত্রিকা ও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছেন—মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে পাঠানো পোস্টাল ব্যালট কীভাবে ডাকাতি করা হয়েছে। ঠিক যারা এই দেশ থেকে পালিয়েছে, তারা যেভাবে ভোট ডাকাতি করেছিল, ঠিক একইভাবে আবার সেই ষড়যন্ত্র শুরু হয়েছে।
ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারপারসন বলেন, বিদেশে বসেও তারা ষড়যন্ত্র করছে। ইলিয়াস আলী, দিদার, জুনায়েদসহ হাজারো মানুষের প্রাণের বিনিময়ে যে অধিকার আমরা অর্জন করেছি, সেই অধিকার রক্ষায় আমাদের সতর্ক থাকতে হবে।

