Logo
Logo
×

রাজনীতি

মঞ্জুরুল আহসান মুন্সীর রিট খারিজ, নির্বাচন করতে পারবেন না

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ০৩:৪৭ পিএম

মঞ্জুরুল আহসান মুন্সীর রিট খারিজ, নির্বাচন করতে পারবেন না

কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করেছেন হাইকোর্ট। ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তাঁর অংশগ্রহণের পথ বন্ধ হয়ে গেল।

বুধবার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারীর আইনজীবী ব্যারিস্টার হামিদুল মিসবাহ।

এর আগে গত সোমবার নির্বাচন কমিশনের দেওয়া মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন মঞ্জুরুল আহসান মুন্সী। রিট আবেদনে ইসির ১৭ জানুয়ারির সিদ্ধান্ত স্থগিত এবং রিটার্নিং কর্মকর্তার দেওয়া মনোনয়ন বৈধ ঘোষণার সিদ্ধান্ত বহাল রাখার আবেদন জানানো হয়।

উল্লেখ্য, এর আগে হাইকোর্ট মঞ্জুরুল আহসান মুন্সীর নামে থাকা ঋণখেলাপির তালিকা স্থগিত করে তাঁকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করেছিলেন। তবে আপিল বিভাগের চেম্বার আদালত ৮ জানুয়ারি ওই আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করেন। পরবর্তীতে স্থগিতাদেশ প্রত্যাহারের আবেদন করা হলেও ১৪ জানুয়ারি চেম্বার আদালত তা বহাল রাখেন এবং দুই সপ্তাহের মধ্যে হাইকোর্টকে রুল নিষ্পত্তির নির্দেশ দেন।

এদিকে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন জাতীয় নাগরিক পার্টির প্রার্থী হাসনাত আবদুল্লাহ। শুনানি শেষে ঋণখেলাপির তথ্য গোপনের অভিযোগে ১৭ জানুয়ারি মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

সবশেষ হাইকোর্টের রিট খারিজের আদেশের মধ্য দিয়ে কুমিল্লা-৪ আসনে বিএনপির এই প্রার্থীর নির্বাচনী দৌড় কার্যত শেষ হলো।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন