দেশের জন্য কিছু করার আন্তরিকতা আমাদের সবার থাকা উচিত: জাইমা রহমান
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ০৬:৩৪ পিএম
দেশের জন্য কিছু করার আন্তরিকতা সবার মধ্যে থাকা উচিত বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। আজ রবিবার রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে ঢাকা ফোরাম আয়োজিত ‘জাতি গঠনে নারী: নীতি, সম্ভাবনা এবং বাংলাদেশের ভবিষ্যৎ শীর্ষক’ আলোচনা সভায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
জাইমা রহমান বলেন, আজ আমরা এখানে যারা উপস্থিত সবাই একরকম নন। আমাদের আদর্শ, অভিজ্ঞতা, দৃষ্টিভঙ্গিও আলাদা। কিন্তু তারপরও আমরা একসঙ্গে বসেছি, আলোচনা করছি। কারণ আমরা সবাই দেশের জন্য, দেশের মানুষের জন্য.. ভাবছি। আর এই ভিন্নতা নিয়েই একসঙ্গে কথা বলছি, একের পর এক শুনছি। এটাই গণতন্ত্রের আসল সৌন্দর্য।
জাইমা রহমান আরও বলেন, আমি আজ এখানে দাঁড়িয়েছি ভিন্ন এক অনুভূতি ও আবেগ নিয়ে। বাংলাদেশের এই পলিসি লেভেলে আমার প্রথম বক্তব্য এটা। আমি এমন কেই নই যার কাছে সব প্রশ্নের উত্তর আছে বা সব সমস্যার সমাধান জানা আছে। তবু আমি বিশ্বাস করি নিজের ছোট জায়গা থেকেও সমাজের জন্য, দেশের জন্য কিছু করার আন্তরিকতা আমাদের সবার মধ্যে থাকা উচিত। আজ আমি এসেছি শুধু শুনতে, শিখতে এবং একসঙ্গে কাজ করার মনোভাব নিয়ে এগিয়ে যেতে।
জাইমা রহমান তার দাদি বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করেন। এসময় তিনি দাদির লন্ডনে চিকিৎসার সময় একজন নার্সের কথা উল্লেখ করে বলেন, একটা ঘটনা মনে এসেছে দাদির ব্যাপারে এটা বলতে বলতে। দাদি যখন আমাদের সাথে লন্ডনে ছিলেন আমাদের সাথে গত বছরের প্রথমের দিকে..ওনি যখন এসেছিলেন হাসপাতালে ছিলেন কিছু চিকিৎসার জন্য। ওখানে বিভিন্ন ধরনের বিভিন্ন দেশের নার্স ছিলেন.. ডাক্তার ছিলেন এবং একটি নার্স ছিলেন নাইজেরিয়া থেকে। নাইজেরিয়া ওয়েস্ট আফ্রিকা। আম্মা-আব্বা একদিন দাদিকে সকাল সকাল দেখতে গেছিল..নার্স তখন বলেছিল যে ও আপনার মাকে চিনেছি। আম্মু-আব্বু বলল কীভাবে? আপনার মাই প্রথম ইলেক্টেড প্রাইমিনিষ্টার বাংলাদেশের না? আম্মু-আব্বু তো অবাক.. হ্যাঁ আপনি কীভাবে জানেন? তো নার্সও তারপর বলল যে.. ওনি যে এতকিছু করেছেন মেয়েদের শিক্ষার জন্য, স্পেশালি প্রাইমারি এডুকেশন..ওইগুলো আমাদের সরকার ওই যে ৩৫-৩০ বছর আগে দেখে ইম্প্লেমেন্ট করেছিল। আর ওই কারণে লক্ষ লক্ষ মেয়েরা গ্রাম অঞ্চলে ওদের দেশে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গা সদরে এখনো শিক্ষা পাচ্ছে অন্তত প্রাইমারি এডুকেশন লেভেলে।
বাংলাদেশের উন্নয়নে নারীদের অংশগ্রহণ নিয়ে জাইমা রহমান বলেন, জনসংখ্যার অর্ধেক অংশকে একপাশে রেখে বাংলাদেশ বেশিদূর এগিয়ে যেতে পারবে না।
