১৭৯ আসনে লড়বে জামায়াত, কোন দল কয়টি পেল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি আসনের মধ্যে ২৫৩টি আসনে জামায়াত নেতৃত্বাধীন জোটের শরিক দলগুলোর মধ্যে আসন সমঝোতার রূপরেখা ঘোষণা করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি জানান, জামায়াত ১৭৯টি আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবে এবার। বৃহস্পতিবার রাতে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।
সৈয়দ তাহের জানান, জামায়াতে ইসলামী ১৭৯টি আসনে নির্বাচনে লড়বে। এছাড়া এনসিপি ৩০ টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২০ টি, খেলাফত মজলিস ১০ টি, এলডিপি ৭ টি, নেজামে ইসলাম পার্টি ২ টি, এবি পার্টি ৩টি এবং ডেভেলপমেন্ট পার্টি ২টি আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবে।
সংবাদ সম্মেলনে জামায়াত আমির ডা. শফিকুর রহমান যুবকদের উদ্দেশ্যে বলেন, ‘তোমরা নিজেদের ভোট দিতে আসবে এবং ভোটের হিসাব নিয়ে ঘরে ফিরবে।’
সংবাদ সম্মেলনে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির(এলডিপি) অলি আহাদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, মহাসচিব জালালুদ্দীন আহমদ, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব ইউসুফ সাদিক হক্কানী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির জ্যেষ্ঠ নায়েবে আমির মাওলানা আব্দুল মাজেদ আতহারী, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধানসহ বাংলাদেশ খেলাফত আন্দোলনের নেতৃবৃন্দে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

