দেশের ভেতরে পোস্টাল ভোটে সাধারণ ব্যালট ব্যবহারের দাবি বিএনপির
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ০৫:১৫ পিএম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, কিছু গুরুত্বপূর্ণ বিষয় এবং কিছু আইনি ও আচরণবিধি সংক্রান্ত বিষয়ে আলোচনা করতে আমরা নির্বাচন কমিশনে এসেছিলাম। আজকে আমরা আইনগত কিছু পয়েন্ট এবং আচরণবিধির কিছু বিষয় কমিশনকে বুঝিয়ে দিয়েছি। এছাড়া আরও কিছু বিষয়ে আমরা উদ্বেগ প্রকাশ করেছি। এসব বিষয় নিয়ে তাদের সঙ্গে আলোচনা হয়েছে। আমি মনে করি, এর বেশি কিছু বলার নেই। তারা এসব বিবেচনা করবেন। বৈঠকে আমাদের আশ্বস্ত করা হয়েছে।
আজ বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের বিষয়ে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ‘পোস্টাল ব্যালেটগুলো প্রবাসীদের জন্য পাঠানো হয়েছে। আমরা আগেও বলেছি, তবে এ বিষয়ে সঠিকভাবে বিবেচনা করা হয়নি। যাঁরা পোস্টাল ব্যালট প্রণয়ন ও প্রেরণের দায়িত্বে ছিলেন, তাঁদের ব্যাখ্যা দিতে হবে। প্রেরিত ব্যালটগুলো বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ায় ভিডিও হিসেবে প্রকাশিত হচ্ছে। এককভাবে কোনো বাড়িতে ২০০–৩০০ ব্যালট পাওয়া যাচ্ছে, কোথাও জব্দ করা হচ্ছে, কোথাও ভোটিং শুরু হয়ে গেছে। যেটা ২২ জানুয়ারি হওয়া উচিত ছিল, সেখানে অনিয়ম ঘটছে। যেহেতু প্রবাসীদের ভোটদানের এই নিয়ম প্রথমবারের মতো কার্যকর হচ্ছে, তাই কিছু ভুলভ্রান্তি থাকতে পারে। তবে এতে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি।’
সালাহউদ্দিন আহমদ বলেন, একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে কাজ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে প্রবাসীদের কাছে পরিষ্কার ব্যাখ্যা দিতে হবে—কীভাবে ব্যালট পাঠানো হয়েছে, ভোট কীভাবে প্রদানের ব্যবস্থা করা হয়েছে এবং কোথাও একসঙ্গে ২০০–৩০০ ব্যালট থাকলে কী ব্যাখ্যা দেওয়া হবে। এসব বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কী ব্যবস্থা নেবে, সেটিও দেখার বিষয়।
পোস্টাল ব্যালট বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, একটি গুরুত্বপূর্ণ বিষয় আজকে আপনাদের জানানো উচিত। পোস্টাল ব্যালট দেশের অভ্যন্তরে সবচেয়ে বেশি ব্যবহৃত হবে। সেজন্য আমরা বলেছি, সমস্ত নির্বাচনী এলাকায় যে কয়জন প্রার্থী থাকবে, তাদের নাম ও মার্কাসহ সাধারণ ব্যালটই সংশ্লিষ্ট এলাকার পোস্টাল ব্যালট হিসেবে ব্যবহার হোক। এ বিষয়ে আমরা স্পষ্ট প্রস্তাব দিয়েছি। সমস্ত মার্কাসহ ব্যালট সব আসনে পাঠানোর প্রয়োজন নেই।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, প্রত্যেকটি নির্বাচনী এলাকায় সংশ্লিষ্ট সব প্রার্থীর নাম ও মার্কাসহ যে সাধারণ ব্যালট ব্যবহার হয়, সেটিই প্রত্যেক এলাকায় পোস্টাল ব্যালট হিসেবে ব্যবহারের প্রস্তাব দিয়েছি আমরা। আশা করি, নির্বাচন কমিশন এটি গ্রহণ করবে এবং বিবেচনা করবে।
