আরও ৫৮ প্রার্থী নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে প্রার্থিতা ফিরে পেয়ে নির্বাচনী মাঠে ফিরলেন। রবিবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আপিল শুনানির দ্বিতীয় দিন এসব প্রার্থীর প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। তাঁদের মধ্যে বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জামায়াতের চাঁদপুর-২ ও জামালপুর-৩ আসনের প্রার্থী রয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে নির্বাচন কমিশন রোববার মোট ৭১টি আপিলের শুনানি করে। এর মধ্যে ৫৮টি আপিল মঞ্জুর, সাতটি খারিজ এবং ছয়টি আপিল পরবর্তীতে নিষ্পত্তির জন্য মুলতবি রাখা হয়েছে বলে জানান ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক।
এর আগের দিনে আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পান ৫১ জন। এ নিয়ে দুদিনে ১৩২টি শুনানিতে শেষে মোট ১০৯ জন প্রার্থী তাঁদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। রিটার্নিং কর্মকর্তাদের মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধরা ইসিতে মোট ৬৪৫টি আপিল করেছেন। সেগুলো ১৮ জানুয়ারির মধ্যে শুনানি ও নিষ্পত্তি করবে কমিশন।
