মতপার্থক্য যেন বিভেদের কারণ না হয়ে যায়: তারেক রহমান
মতপার্থক্য ভুলে সবাইকে একযোগে কাজ করার তাগিদ দিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘হিংসা-প্রতিশোধের পরিণতি কী হতে পারে, সেটা আমরা দেখেছি চব্বিশের ৫ আগস্ট। মতপার্থক্য যাতে মতবিভেদ না হয়ে যায়, বিভেদের কারণ না হয়। সবাই মিলে কাজ করতে হবে।’ আজ শনিবার সকালে রাজধানীর বনানীর হোটেল শেরাটনে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
বিএনপির চেয়ারম্যান বলেন, মতপার্থক্য যেন মতবিভেদে পরিণত না হয়। মতপার্থক্য থাকলেও আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। আমরা ৫ আগস্টের আগের পরিস্থিতিতে ফিরতে চাই না।
তিনি বলেন, সব আশা পূরন সম্ভব না হলেও দেশের মানুষ স্বপ্ন দেখছে। সবাই যদি স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য কাজ করি তাহলে জাতিকে সঠিক পথে নেয়া সম্ভব।
সিনিয়র সাংবাদিক ও সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানস্থলে এসেই সম্পাদক ও সাংবাদিকদের কাছে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির চেয়ারম্যান। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার সঙ্গে ছিলেন।

