হেঁটে রাস্তা পার হচ্ছেন তারেক রহমান (ডান থেকে দ্বিতীয়)। ভিডিও থেকে নেওয়া ছবি
দেশে ফেরার দুই সপ্তাহ পর ঢাকার রাস্তায় হেঁটে চলাচল করতে দেখা গেল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। আজ শুক্রবার (৯ জানুয়ারি) বিকালে গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর বাসা থেকে হেঁটে তিনি গুলশান ২ নম্বরের ৮৬ নম্বরে রোডে চেয়ারপারসনের কার্যালয়ে যান।
আজ রাত ৮টা ৩৯ মিনিটে বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুকে পেজে তারেক রহমানের হেঁটে অফিসে যাওয়ার ভিডিওটি পোস্ট করা হয়।
এদিকে বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন সংবাদমাধ্যমকে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিকাল পৌনে ৪টায় বাসা থেকে রওনা হন। পায়ে হেঁটে বিকাল ৪টা ৪ মিনিটে অফিসে পৌঁছান।
দলের নেতারা জানান, তারেক রহমান হঠাৎ করেই হেঁটেই অফিসে যাওয়ার সিদ্ধান্ত নেন। তার নিরাপত্তায় নিয়োজিত কর্মকর্তারাও দ্রুত তৎপর হয়ে ওঠেন।
কঠোর নিরাপত্তার মধ্যে কালো স্যুট পরিহিত তারেক অফিসে পৌঁছান। সে সময় তার সঙ্গেই ছিলেন আতিকুর রহমান রুমন এবং প্রধান নির্বাপত্তা কর্মকর্তা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এটিএম শামসুল ইসলাম।
তাৎক্ষণিক যাঁরা তারেক রহমানকে চিনতে পেরেছেন, তাদের অনেকেই কিছুটা বিস্মিত হয়েছেন। আবার হাত নেড়ে তাকে স্বাগতও জানিয়েছেন। কেউ কেউ আবার চিনতেও পারেননি।
গুলশানের ফুটপাতে দাঁড়িয়ে থাকা সোহরাব উদ্দিন অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজটোয়েন্টিফোর ডটককে বলেন, আমি প্রথমে বুঝতে পারিনি। হঠাৎ দেখি, ফুটপাত দিয়ে তারেক রহমান সাহেব হেঁটে যাচ্ছেন। সাথে সিভিল ড্রেসে কয়েকজন নিরাপত্তা কর্মকর্তা। এটা আমার কাছে ব্যতিক্রম মনে হয়েছে।
উল্লেখ্য, দেড় দশকের বেশি সময় লন্ডনে নির্বাসিত জীবন কাটিয়ে গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। তার মা, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মত্যুতে শোকের মধ্যেও তিনি অফিস করছেন নিয়মিত।
বিদেশি রাষ্ট্রদূত, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে প্রতিদিনই তার বৈঠক হচ্ছে। পাশাপাশি সংসদ নির্বাচন সামনের রেখে সাংগঠনিক খোঁজ-খবরও রাখছেন, নেতাদের সঙ্গে করছেন বৈঠক।

