Logo
Logo
×

রাজনীতি

সারজিস আলমের হলফনামা ও আয়কর রিটার্নের তথ্যে গরমিল

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬, ০৪:০৬ পিএম

সারজিস আলমের হলফনামা ও আয়কর রিটার্নের তথ্যে গরমিল

নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া নথিপত্রে আয়ের তথ্যে গরমিল পাওয়া গেছে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী সারজিস আলমের। পঞ্চগড়-১ আসনের এই প্রার্থীর হলফনামায় প্রদর্শিত আয়ের সঙ্গে তার আয়কর রিটার্নে উল্লেখ করা আয়ের তথ্যের স্পষ্ট অসামঞ্জস্য রয়েছে।

হলফনামা অনুযায়ী, ২৭ বছর বয়সী সারজিস আলম নিজেকে একজন ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়েছেন এবং বার্ষিক ব্যবসায়িক আয় দেখিয়েছেন ৯ লাখ টাকা। তবে তার ২০২৫-২৬ করবর্ষের আয়কর রিটার্নে বার্ষিক আয় উল্লেখ করা হয়েছে ২৮ লাখ ৫ হাজার টাকা, যা হলফনামায় ঘোষিত আয়ের তুলনায় তিন গুণেরও বেশি। একই ব্যক্তির আয়ের দুটি ভিন্ন তথ্য হলফনামায় উপস্থাপনের বিষয়টি প্রশ্ন তুলেছে।

শুধু আয় নয়, সম্পদের তথ্যেও অসংগতি দেখা গেছে। আয়কর রিটার্নে সারজিস আলম মোট সম্পদের পরিমাণ দেখিয়েছেন ৩৩ লাখ ৭৩ হাজার টাকা। অথচ হলফনামায় তার সম্পদের হিসাব উল্লেখযোগ্যভাবে কম দেখানো হয়েছে।

হলফনামা অনুযায়ী, তার অস্থাবর সম্পদের পরিমাণ ৫ লাখ ৬১ হাজার টাকা। এর মধ্যে নগদ অর্থ ৩ লাখ ১১ হাজার টাকা, ব্যাংকে জমা ১ লাখ টাকা এবং ইলেকট্রনিক সামগ্রী ও আসবাবপত্রের মূল্য ধরা হয়েছে ১ লাখ ৫০ হাজার টাকা। স্থাবর সম্পদের মধ্যে তিনি উপহার হিসেবে পাওয়া ১৬ দশমিক ৫ শতাংশ কৃষিজমির কথা উল্লেখ করেছেন, যার আনুমানিক বাজারমূল্য ৫ লাখ টাকা।

২০২৫-২৬ করবর্ষে সারজিস আলম আয়কর হিসেবে ৫২ হাজার ৫০০ টাকা পরিশোধ করেছেন।

নির্বাচনী ব্যয়ের বিবরণীতে তিনি উল্লেখ করেছেন, চারজন শুভাকাঙ্ক্ষীর (আত্মীয় নন) কাছ থেকে মোট ১১ লাখ টাকা উপহার হিসেবে পাওয়ার আশা করছেন। এছাড়া একজন ব্যক্তির কাছ থেকে ২ লাখ টাকা ঋণ নেওয়ার তথ্যও দিয়েছেন।

নথিপত্র পর্যালোচনায় আরও দেখা যায়, শ্বশুর-শাশুড়ি এবং চাচা-মামাদের কাছ থেকেও তিনি উপহার হিসেবে অর্থ পাচ্ছেন বলে উল্লেখ করেছেন। তবে ইসি ওয়েবসাইটে আপলোড করা স্ক্যান কপিতে টাকার প্রথম অঙ্ক অস্পষ্ট হওয়ায় সঠিক পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি। দৃশ্যমান সংখ্যার ভিত্তিতে ধারণা করা হচ্ছে, প্রত্যেকের কাছ থেকে তিনি অন্তত ১ লাখ টাকা করে পাচ্ছেন। পাশাপাশি শ্যালকের কাছ থেকে ঋণ হিসেবে অন্তত ১ লাখ টাকা নেওয়ার কথাও উল্লেখ রয়েছে।

নথিপত্র অনুযায়ী সারজিস আলমের বিরুদ্ধে গাজীপুরে একটি ফৌজদারি মামলা বিচারাধীন রয়েছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন