শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করতে ১৮ জানুয়ারি কক্সবাজার যাবেন তারেক রহমান
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করতে আগামী ১৮ জানুয়ারি কক্সবাজার সফরে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা বিএনপির দফতর সম্পাদক ইউসুফ বদরী।
ইউসুফ বদরী বলেন, রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের পর আগামী ১৮ জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পেকুয়ায় শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন।
ইউসুফ বদরী আরও বলেন, তারেক রহমান ‘সবার আগে বাংলাদেশ’ গাড়িতে করে কক্সবাজারে কোথায় কোথায় যাবেন; কি কি কর্মসূচি রয়েছে এসব স্থান পরিদর্শন করা হচ্ছে। বিষয়গুলো দলের ঊর্ধ্বতন নেতৃবৃন্দকে জানানো হবে। এরপরই দলীয়ভাবে তারেক রহমানের কক্সবাজার সফরসূচি ঘোষণা করা হবে। তবে আসার সম্ভাবনা বেশি।
জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান বলেন, দীর্ঘদিন পর দেশে আসা তারেক রহমান কক্সবাজারের মাটিতে পা রাখতে চলেছেন, এটা জেলার বিএনপি পরিবারের জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয়।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বড় সন্তান তারেক রহমান আগামী ১১ জানুয়ারি ১৯ বছর পর বগুড়ায় যাচ্ছেন। পরদিন ১২ জানুয়ারি রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করার কথা রয়েছে তার।
২০২৪ সালের ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে চট্টগ্রামের মুরাদপুর এলাকায় পুলিশ ও ছাত্রলীগের দ্বিমুখী আক্রমণে ওয়াসিম আকরাম শহীদ হন। ওয়াসিম চট্টগ্রাম বিভাগের প্রথম শহীদ।
চট্টগ্রাম কলেজে স্নাতক তৃতীয় বর্ষে অধ্যয়নরত ওয়াসিম নগরীর চকবাজার এলাকায় একটি মেসে থাকতেন। তিনি চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। শহীদ ওয়াসিম আকরাম কক্সবাজারের পেকুয়ার বাসিন্দা।

