তারেক রহমানের সঙ্গে ডা. শফিকুরের সাক্ষাৎ
বিএনপির সঙ্গে কাজ করতে চায় জামায়াত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যান জামায়াত আমির। এসময় তারেক রহমান ও তার শোক-সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান তিনি।
এ সময় তারেক রহমানের সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। জামায়াত আমিরের উপস্থিতিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশের ওপর আলোকপাত করা হয়।
বৈঠক শেষে জামায়াত আমির সাংবাদিকদের বলেন, ইতিহাসের একটা বিরল সম্মান নিয়ে খালেদা জিয়া চলে গেছেন। গতকাল তার বিদায়ের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মানুষ আবেগ ও চোখের পানি দিয়ে বিদায় জানিয়েছে। এটা তার পাওনা ছিল। তিনি জাতির জন্য যা করেছেন সেই পাওনাটাই আল্লাহর পক্ষ থেকে পেয়েছেন। এই পাওনা দেখে আমরা অনুপ্রাণিত হই। আমরাও যদি জাতির জন্য এমন অবদান রাখতে পারি হয়তো মানুষ এমন বিদায় দেবে।
তিনি আরও বলেন, দেশ গুরুত্বপূর্ণ বাঁকে আছে। সামনে একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট। সংস্কারের জন্য গণভোট আর সরকার গঠনের জন্য সাধারণ নির্বাচন। ফেব্রুয়ারির ১২ তারিখের এই নির্বাচন নির্বিঘ্ন ও গ্রহণযোগ্য হোক। আজকেও এই বিষয় নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি। আমরা এটাও বলেছি, দেশের স্বার্থে অতীতেও আমরা একসাথে কাজ করেছি, আগামীতেও করবো।
ডা. শফিকুর রহমান বলেন, ৫ বছরের জন্য জাতির স্থিতিশীলতার স্বার্থে আমরা সবাই মিলেমিশে ভালো কিছু চিন্তা করতে পারি কি না সেটাও আমাদের স্বার্থকতা। নির্বাচনের পরপরই সরকার গঠনের আগে আমরা বসবো, খোলা মনে কথা বলবো জাতির কথা চিন্তা করবো এবং জাতির জন্য সিদ্ধান্ত নেবো। খালেদা জিয়া যে ঐক্যের পাটাতন তৈরি করে গেছেন তার ওপর দাঁড়িয়ে আমরা যেন দায়িত্ব পালন করতে পারি।

