গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদ থেকে রাশেদ খানের পদত্যাগের পর বর্তমান সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুনকে দলটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয়েছে। গতকাল শনিবার রাতে দলটির সর্বোচ্চ ফোরামের অনলাইন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উচ্চতর পরিষদ, নির্বাহী কমিটি এবং বিভিন্ন ইউনিট প্রধানেরা উপস্থিত ছিলেন। সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ক ছিলেন হাসান আল মামুন।
বিষয়টি নিশ্চিত করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। তিনি বলেন, দলীয় সভায় হাসান আল মামুনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয়েছে। তাকেই পূর্ণ দায়িত্ব দেওয়া হবে কিনা তা পরে সিদ্ধান্ত নেওয়া হবে।
গতকাল শনিবার রাশেদ খান বিএনপিতে যোগদান করেন। ঝিনাইদহ-৪ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন তিনি।

