Logo
Logo
×

রাজনীতি

আসিফ মাহমুদের পক্ষে কুমিল্লা-৩ আসনেও মনোনয়নপত্র সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৬ পিএম

আসিফ মাহমুদের পক্ষে কুমিল্লা-৩ আসনেও মনোনয়নপত্র সংগ্রহ

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে নির্বাচন করতে মনোনয়নপত্র কিনেছেন। কুমিল্লা সদর উপজেলার দক্ষিণ রসুলপুর এলাকার রমজানুল করিম নামের একজন এনসিপি কর্মী স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসিফ মাহমুদের পক্ষে গত বুধবার মনোনয়নপত্র সংগ্রহ করেন। তবে বিষয়টি অনেকটা গোপন ছিল। আজ শনিবার জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাহেব আলী বিষয়টি নিশ্চিত করেছেন। 

মনোনয়নপত্র কেনার বিষয়টি নিশ্চিত করে এনসিপির মুরাদনগর উপজেলার প্রধান সমন্বয়কারী মিনহাজুল হক বলেন, আসিফ মাহমুদ আমাদের কাছে জাতীয় পরিচয়পত্র পাঠিয়েছেন। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। আমরা আশাবাদী আসিফ মাহমুদ মুরাদনগর থেকেই নির্বাচন করবেন। 

মনোনয়নপত্রে রেজিস্ট্রারে আসিফ মাহমুদের বর্তমান ঠিকানা হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নিউ মার্কেট এবং স্থায়ী ঠিকানা হিসেবে মুরাদনগর উপজেলার আকবপুর উল্লেখ করা আছে। 

এর আগে, আসিফ মাহমুদ ১০ ডিসেম্বর  অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে ঢাকা-১০ আসন থেকে নির্বাচন করার ঘোষণা দেন। এরই মধ্যে ওই আসনে তিনি ভোটারও হয়েছেন। প্রচারণাও চালাচ্ছেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পক্ষে কর্মী সমর্থকরা মনোনয়ন ফরম কিনেছেন। তিনি (সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ) যেহেতু নিজে আসেননি তাই বিষয়টি আমরা এত গুরুত্ব দিয়ে খেয়াল করিনি। এছাড়া গত দুই দিন মনোনয়নপত্র বিক্রিও হয়নি। 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন