তারেক রহমানকে স্বাগত জানালেন জামায়াতের আমির-সেক্রেটারি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে স্বাগত জানান তিনি।
পোস্টে জামায়াতে ইসলামীর আমির লেখেন, ‘জনাব তারেক রহমান, সপরিবারে সুস্বাগতম!’
এদিকে, দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
এর আগে, আজ বেলা ১১টা ৪০ মিনিটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে তিনি বিশেষ বাসে করে পূর্বাচলের ৩০০ ফিটে দলের আয়োজিত সমাবেশস্থলে যাচ্ছেন।
সমাবেশস্থলে তার জন্য অপেক্ষা করছেন লাখ লাখ নেতাকর্মী, যাদের উদ্দেশে তিনি বক্তব্য রাখবেন। এরপর তিনি বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন। পরে গুলশানের ১৯৬ নম্বর বাড়িতে পৌঁছাবেন তিনি।
বিমানবন্দরে অবতরণের পর তারেক রহমানকে ফুলের মালা দিয়ে বরণ করেন তার শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু। পাশাপাশি পরিবারসহ তাকে স্বাগত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা।

