বিমানের ২০২ নম্বর ফ্লাইটে দেশে ফিরছেন তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের লন্ডন–সিলেট–ঢাকা রুটের ফ্লাইট BG-202–এ এ–১ নম্বর আসন নির্ধারণ করেছে।

এয়ারলাইন সূত্র জানায়, বোয়িং ড্রিমলাইনার ৭৮৭-৯০০ উড়োজাহাজে পরিচালিত ফ্লাইট BG-202–এ ভিআইপি যাত্রী থাকায় অপারেশনাল সমন্বয়, গ্রাউন্ড হ্যান্ডলিং ও নিরাপত্তা ব্যবস্থায় বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। উড়োজাহাজটি বুধবার লন্ডন সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে (ঢাকা সময় বুধবার দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে) লন্ডন হিথ্রো বিমানবন্দর থেকে যাত্রা করার কথা।
ফ্লাইটটি বৃহস্পতিবার সকাল ৯টা ৫৫ মিনিটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সূচি রয়েছে। সেখানে প্রায় এক ঘণ্টার গ্রাউন্ড টার্নঅ্যারাউন্ড শেষে বেলা ১০টা ৫৫ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা হবে।
এভিয়েশন কর্মকর্তারা জানান, ফ্লাইটটি বেলা ১১টা ৪৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
এদিকে বুধবার সন্ধ্যায় লন্ডনে নিজ বাসা থেকে পরিবার–পরিজনসহ হিথ্রো বিমানবন্দরের উদ্দেশে রওনা হন তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর পর তার দেশে প্রত্যাবর্তনকে ঘিরে সংশ্লিষ্ট সব পক্ষ সমন্বিতভাবে প্রস্তুতি ও নিরাপত্তা নিশ্চিত করছে বলে জানিয়েছে বিমান সংশ্লিষ্ট সূত্র।
আগামীকাল দুপুরে বিমানবন্দরে নামার পর দলের জ্যেষ্ঠ নেতারা তারেক রহমানকে স্বাগত জানাবেন। এরপর তিনি জুলাই এক্সপ্রেসওয়ে তথা ৩০০ ফিট রাস্তায় সংবর্ধনাস্থলে যাবেন। সেখানে অপেক্ষায় থাকা নেতা-কর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে দেশবাসীর উদ্দেশে বক্তব্য দেবেন তিনি। এরপর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন। সেখান থেকে বিমানবন্দর সড়ক হয়ে কাকলীর মোড় হয়ে গুলশান–২ নম্বরে বাসভবনে চলে আসবেন। সেদিন আর অন্য কোনো অনুষ্ঠান হবে না।

