লন্ডনের হিথ্রো বিমানবন্দরের পথে তারেক রহমান
দেশে ফিরতে কিংস্টনের বাসা থেকে লন্ডনের হিথ্রো বিমানবন্দরের পথে রওনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্থানীয় সময় বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর ২টা ১৫ মিনিটে বাসা থেকে বের হন তিনি। স্থানীয় সময় ৬টা ১৫ মিনিটে ফ্লাইটটি ছাড়ার কথা।
স্ত্রী ডা. জোবাইদা রহমান, মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানসহ সফরসঙ্গী কয়েকজন তার সঙ্গে রয়েছেন। একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
তারেক রহমানের কিংস্টনের বাসা থেকে হিথ্রো বিমানবন্দরে যেতে সময় লাগে (ট্রাফিক জ্যাম না থাকলে) আধা ঘণ্টার একটু বেশি।
দীর্ঘ ১৭ বছর পর ২৫ ডিসেম্বর দুপুর ১২টার দিকে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আগামীকাল দুপুরে বিমানবন্দরে নামার পর দলের জ্যেষ্ঠ নেতারা তারেক রহমানকে স্বাগত জানাবেন। এরপর তিনি জুলাই এক্সপ্রেসওয়ে তথা ৩০০ ফিট রাস্তায় সংবর্ধনাস্থলে যাবেন। সেখানে অপেক্ষায় থাকা নেতা-কর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে দেশবাসীর উদ্দেশে বক্তব্য দেবেন তিনি। এরপর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন। সেখান থেকে বিমানবন্দর সড়ক হয়ে কাকলীর মোড় হয়ে গুলশান–২ নম্বরে বাসভবনে চলে আসবেন। সেদিন আর অন্য কোনো অনুষ্ঠান হবে না।

