শরিকদের আরও ৮ আসন
বিএনপিতে রেদোয়ান আহমেদ-ববি হাজ্জাজ
বিএনপিতে যোগ দিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব, সাবেক প্রতিমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ। এছাড়া জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজও বিএনপিতে যোগ দিচ্ছেন বলে জানা গেছে। আজ বুধবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন রেদোয়ান আহমেদ।
ড. রেদোয়ান আহমেদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির হয়ে কুমিল্লা-৭ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
সংবাদ সম্মেলনে যুগপৎ আন্দোলনের শরিক ৭টি দলের সঙ্গে নির্বাচনী সমঝোতা করে ৮ আসন বণ্টনের ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তিনি বলেন, ‘আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছিলেন, তাঁদের সঙ্গে দীর্ঘ আলোচনা করে আমরা যে সিদ্ধান্তগুলোতে একমত হতে পেরেছি, সেই আসনগুলোতে আমরা সমঝোতা করেছি, তা আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। এই তালিকার পরও আলোচনা চলবে, তারপরে সিদ্ধান্ত হলে আমরা জানাব।’
আসনগুলো হলো—
১. বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
২. পিরোজপুর-১ আসনে জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার।
৩. ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি।
৪. যশোর-৫ আসনে ইসলামী ঐক্যজোটের মুফতি রশিদ বিন ওয়াক্কাস।
৫. ঝিনাইদহ-৪ গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।
৬. ঢাকা-১২ আসনে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
৭. পটুয়াখালী-৩ আসনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর।
৮. নড়াইল-২ আসনে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) ফরিদুজ্জামান ফরহাদ।
বিএনপির মহাসচিব আরও জানান, ঢাকা-১৩ আসন এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজকে দেওয়া হয়েছে। তিনি শিগগির বিএনপিতে যোগ দেবেন।
মির্জা ফখরুল বলেন, ‘যাঁদের সঙ্গে নির্বাচনী সমঝোতা হয়েছে, তাঁরা নিজ নিজ প্রতীকে অংশ নেবেন এবং যাঁরা বিএনপিতে যোগ দিয়েছেন, তাঁরা ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন।’

