বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আসছেন দেশের মাটিতে। তাকে বরণ করতে সারাদেশ থেকে ঢাকায় ছুটছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের পাশাপাশি তৃণমূলের কর্মীরা।
শীর্ষ নেতাদের অনেকেই ব্যক্তিগত গাড়ি, বিমান অথবা বিশেষ ট্রেনে ধরেছেন ঢাকার পথ। আর তৃণমূলের নেতারা চেয়ারকোচ, বাস ও ব্যক্তিগত গাড়িতে সড়ক পথে রওনা দিচ্ছেন।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও নগর বিএনপির সাবেক আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রাম থেকে অন্তত ১ লাখ মানুষ তাদের প্রিয় নেতাকে বরণ করতে ঢাকায় যাবেন। তারা ইতিমধ্যে যাত্রা শুরু করে দিয়েছেন বাসে ট্রেনে কোচে।
তিনি ২০-২২ বগির একটি ট্রেনের ব্যবস্থা করেছেন জানিয়ে বলেন, পরিস্থিতি এমন যে নেতাকে বরণ করতে যাওয়ার জন্য কেউ কারও দিকে তাকিয়ে নেই। দলীয় বা নিজ নিজ ব্যবস্থাপনায় সবাই ঢাকা ছুটছেন। নেতা কর্মীরা সোমবার থেকে যাত্রা শুরু করেছেন। তিনি নিজেও যথাসময়ে ঢাকায় পৌঁছে যাবেন বলে জানান।
চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন দুদিন আগে- সোমবার রাতেই বিমানযোগে ঢাকায় পৌঁছেছেন। তার এলাকার উপজেলা কমিটির নেতারা বাসে ও কোচে করে নেতাকর্মীদের যাতায়াতের ব্যবস্থা করেছেন।
