Logo
Logo
×

রাজনীতি

মুজিব বাহিনীর গণহত্যার প্রতিক্রিয়া ২৫ মার্চে পাকিস্তানি বাহিনীর ক্র্যাকডাউন: জামায়াত নেতা

Icon

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫, ১০:৪০ পিএম

মুজিব বাহিনীর গণহত্যার প্রতিক্রিয়া ২৫ মার্চে পাকিস্তানি বাহিনীর ক্র্যাকডাউন: জামায়াত নেতা

চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, ২৫ মার্চের আগে মুজিব বাহিনী এলাকায় এলাকায় গণহত্যা চালিয়েছিল। এই গণহত্যার প্রতিক্রিয়াস্বরূপ ২৫ মার্চে পাকিস্তানি সেনাবাহিনী নামিয়ে ক্র্যাকডাউন করে দিয়েছিল। বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) চট্টগ্রাম মহানগরের বহদ্দারহাটে আয়োজিত সমাবেশে এবং দেওয়ানবাজারে মহানগর জামায়াতের কার্যালয়ে আলোচনা সভায় নজরুল ইসলাম এসব কথা বলেন। 

মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, ওআইসি সম্মেলনে যোগদান এবং ফরগেট অ্যান্ড ফরগিভ রাজনীতি করে শেখ মুজিবুর রহমান চেষ্টা করলেও...অবশেষে বাকশাল এবং দুর্ভিক্ষ চাপিয়ে দিয়ে তাঁকে নৃশংসভাবে খুন হতে হয়েছিল। সার্ক গঠন, শাহ্ আজিজ, মশিউর রহমান গং নিয়ে দল গঠন করে ঐক্য সৃষ্টির চেষ্টা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। অবশেষে মুক্তিযোদ্ধা-অমুক্তিযোদ্ধা দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে শেখ হাসিনা দেশে প্রত্যাবর্তনের ১৪ দিনের মাথায় তাঁকেও খুন হতে হয়েছে।’

জামায়াতের নেতা মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘ব্রিটিশবিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় অসংখ্য মানুষের ত্যাগ-কুরবানির বিনিময়ে ১৯৪৭ সালে আমরা স্বাধীনতা লাভ করি। পরবর্তীকালে পাকিস্তানি শাসকগোষ্ঠী ওয়াদা দিয়েছিল ইসলামের আলোকে, বৈষম্যহীন, ইনসাফপূর্ণ, গণতান্ত্রিক সমাজ গঠন করবে। গণতান্ত্রিক, নিয়মতান্ত্রিকভাবে রাষ্ট্র পরিচালনা করবে। কিন্তু তারা সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে। অবশেষে বাধ্য হয়ে আমাদের মুক্তিযুদ্ধে অবতীর্ণ হতে হয়েছে। ১৯৭০ সালের নির্বাচনে শেখ মুজিবুর রহমান সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পরও তাঁর হাতে ক্ষমতা হস্তান্তর করা হয়নি।’

মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, পাকিস্তানি গোষ্ঠী গড়িমসি করতে করতে শেষ পর্যন্ত ২৫ মার্চে আমাদের যুদ্ধে লিপ্ত হতে হয়েছে। কিন্তু সেই রাতের সঠিক ইতিহাস আমাদের জানানো হয়নি। আজকের দিনে ইতিহাসের কালো অধ্যায়গুলো উদ্ধার করতে হবে। মূলত ২৫ মার্চের আগে মুজিব বাহিনী এলাকায় এলাকায় গণহত্যা চালিয়েছিল। এই গণহত্যার প্রতিক্রিয়াস্বরূপ ২৫ মার্চে পাকিস্তানি সেনাবাহিনী নামিয়ে ক্র্যাকডাউন করে দিয়েছিল।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন