নির্বাচনে কারিগরি ষড়যন্ত্র জনগণ হতে দেবে না: ডা. শফিকুর রহমান
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আগামীর নির্বাচনে কোনো ধরনের কারিগরি ষড়যন্ত্র জনগণ হতে দেবে না। আমরা নির্বাচন কমিশনের কাছে কোনো আনুকূল্য চাই না। কিন্তু কমিশন যদি কারও প্রতি আনুকূল্য দেখায় তবে সেটি বরদাশত করা হবে না।’
আজ মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহান বিজয় দিবস উপলক্ষে জামায়াতে ইসলামী আয়োজিত যুব ম্যারাথন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
কালো টাকায় কেউ মানুষকে কেনার চেষ্টা করলে মানুষ মুখে ছাই মেরে দেবে মন্তব্য করে শফিকুর রহমান বলেন, মানুষ এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন। দেশপ্রেমে উজ্জীবিত জাতিকে কেউ কালো টাকায় কিনতে পারবে না।
পুরোনো ব্যবস্থার রাজনীতি ছুড়ে ফেলে দিয়ে নতুন ব্যবস্থার রাজনীতিতে আগামীর বাংলাদেশ পরিচালিত হবে উল্লেখ করে জামায়াত আমির বলেন, যেই রাজনীতি হবে সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজদের বিরুদ্ধে, খুনের বিরুদ্ধে, ধর্ষণের বিরুদ্ধে, মামলাবাজদের বিরুদ্ধে, দুর্নীতি-অন্যায়-অনাচারের বিরুদ্ধে।
জামায়াত আমির বলেন, ‘যারা ৭০-এর নির্বাচনে নির্বাচিত হয়েছিলেন তারা জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিলেন বৈষম্যহীন শাসন ব্যবস্থা গড়ে তুলবেন। কিন্তু দেশ স্বাধীনের পর তাঁরা ক্ষমতায় বসে তাঁদের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছিলেন। তাঁরা বহুদলীয় গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছিলেন, সংবাদপত্র বন্ধ করে দিয়েছিলেন, মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিলেন। রক্ষী বাহিনী গঠন করে যখন যাকে ইচ্ছে তাকে খুন করা হয়েছিলেন, মা-বোনদের ইজ্জত লুণ্ঠন করা হয়েছিল।’

