Logo
Logo
×

রাজনীতি

নির্বাচনের তারিখ ঘোষণা হলেও সতর্ক থাকতে হবে, ষড়যন্ত্র থেমে নেই: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ১০:৫৪ পিএম

নির্বাচনের তারিখ ঘোষণা হলেও সতর্ক থাকতে হবে, ষড়যন্ত্র থেমে নেই: তারেক রহমান

নির্বাচনের তারিখ ঘোষণা হলেও নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার বিকেলে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় সভাপতির ভাষণে তিনি এই আহ্বান জানান। মহান বিজয় দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে বিএনপি।

তারেক রহমান বলনে, সব বাধা পেরিয়ে শেষপর্যন্ত নির্বাচন কমিশন জনগণের কাঙ্ক্ষিত নির্বাচন অনুষ্ঠানের তারিখ ঘোষণা করেছে। তবে সতর্ক থাকতে হবে, ষড়যন্ত্র কিন্তু এখনো থেমে নেই। গণতন্ত্রের পক্ষের সাহসী সন্তান ওসমান হাদিকে গুলি করার ঘটনা, এটা কিন্তু সেই ষড়যন্ত্রের অংশ।

একই সঙ্গে যথাসময়ে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জনগণের অধিকার প্রতিষ্ঠার মিছিলে নিজে থেকে সব ধরনের ষড়যন্ত্র-চক্রান্ত মোকাবিলারও অভয় দিয়েছেন তিনি।

দলীয় নেতা-কর্মী ও দেশবাসীর উদ্দেশে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, ‘১৯৭১ সালে প্রমাণিত হয়েছে, ২০২৪ সালে প্রমাণিত হয়েছে, ১৯৭৫-এর ৭ নভেম্বর, ৯০-এ স্বৈরাচারবিরোধী আন্দোলন—প্রতিটি আন্দোলন-সংগ্রামে প্রমাণিত হয়েছে, জনগণ ঐক্যবদ্ধ থাকলে জনতার বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারে না। আমি দৃঢ়কণ্ঠে বলতে চাই, নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে গ্রামে-গঞ্জে, শহরে-বন্দরে, নগরে, বাজারে, মহল্লায়, অলিগলিতে, রাজপথে জনগণের অধিকার প্রতিষ্ঠার মিছিলে আমিও আপনাদের সঙ্গে থাকব।’

তারেক রহমান বলেন, ‘বিজয়ের ক্ষণে আমি দৃঢ়ভাবে বলতে চাই, যারা স্বাধীনতাপ্রিয় গণতন্ত্রকামী জনগণকে ভয় দেখাতে চায়, তারা অবশ্যই ব্যর্থ হবে। ভয়ের কোনো কারণ নেই। মানুষের জয়-পরাজয়, জীবন-মৃত্যু সবকিছু আল্লাহর হাতে নির্ধারিত। আল্লাহর ওপর ভরসা রেখে আমরা যদি সকলে ঐক্যবদ্ধভাবে জনগণের অধিকার প্রতিষ্ঠার মিছিল এগিয়ে নিয়ে যেতে থাকি, ষড়যন্ত্রকারীরা অবশ্যই পিছু হটতে বাধ্য হবে।’

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন