‘নির্বাচনি যুদ্ধে’ নেতাকর্মীদের একযোগে মাঠে নামতে হবে: তারেক রহমান
‘নির্বাচনি যুদ্ধ’ মোকাবেলায় দলের নেতাকর্মীদের একযোগে মাঠে নামার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সারা দেশ থেকে আসা দলের মাঠ পর্যায়ের নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা পরীক্ষিত; শত অত্যাচার-নির্যাতনের মধ্যেও আপনারা দলকে ধরে রেখেছেন। সেই ওয়ান-ইলেভেনের ষড়যন্ত্র থেকে শুরু করে গত স্বৈরাচারের ১৫ বছরের ষড়যন্ত্র সব আপনারা মোকাবিলা করেছেন। তাহলে এখন কেন সামনের যেই নির্বাচনি যুদ্ধ, তা মোকাবিলা করতে পারবেন না? জনগণকে ঘিরে, দেশকে ঘিরে আপনার দলের যে পরিকল্পনা, কেন সেটা জনগণের কাছে তুলে ধরতে পারবেন না। চাইলেই আপনারা এটা করতে পারবেন, এটা করতে হবে।’
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি ভার্চুয়ালি যুক্ত হন। ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক এই অনুষ্ঠানে বিএনপির বিভাগীয় সাংগঠনিক ইউনিটগুলোর হাজারের বেশি নেতা অংশ নেন।
ধানের শীষের পক্ষে জনমত গড়তে হবে উলে্লখ করে তারেক রহমান নেতাদের উদ্দেশ করে বলেন, ‘আপনি নিজের এলাকায় যাবেন, আপনি কষ্ট করবেন আপনার দলের পরিকল্পনাগুলোকে সফল করার জন্য। আপনার সামনে থাকবে ধানের শীষ। আপনার সামনে কোনো ব্যক্তি থাকবে না। ধানের শীষকে আপনি বের করে নিয়ে আসবেন। ধানের শীষের পক্ষে আপনি জনগণের মতামতকে ঐক্যবদ্ধ করবেন। ধানের শীষের জন্য আপনি জনগণের মতামতকে এক জায়গায় ব্যালট বক্সের ভিতরে নিয়ে আসবেন।’
তিনি বলেন, আপনাদের মিটিং করে বললে হবে না। ছোট ছোট গ্রুপ করে ঘরে ঘরে যেতে হবে, মাঠে মাঠে যেতে হবে। কৃষকের ক্ষেতে যেতে হবে। মসজিদের ইমাম-মুয়াজ্জিমের কাছে যেতে হবে। প্রাইমারি স্কুল, হাই স্কুলের শিক্ষকদের কাছে যেতে হবে। ঘরে ঘরে মা-বোনদের কাছে যেতে হবে। স্কুল কলেজের তরুণ-তরুণী, যুবকদের কাছে যেতে হবে।
মাঠে নামলে বিভ্রান্তিকারীও পিছু হটবে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘আমাদের পরিকল্পনাগুলো জনগণকে জানতে হবে। আপনারা ছাড়া জনগণের পক্ষে জানা সম্ভব না। আপনি যদি না যান, আরেকজন যাচ্ছে, সে গিয়ে মিথ্যা ও বিভ্রান্তি ছড়াচ্ছে জনগণের মাঝে। কাজেই এই মিথ্যা ও বিভ্রানি্ত বন্ধ তখনই হবে, যখন মাঠে হাজির হয়ে যাবেন। যখন মাঠে হাজির হয়ে যাবেন, তখন এই বিভ্রান্তি কিন্তু সে ছড়াতে পারবে না।

