চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া: ডা. জাহিদ
এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও স্থায়ী কমিটি সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি জানান, চিকিৎসায় সাড়াও দিচ্ছেন খালেদা জিয়া। বুধবার (১০ ডিসেম্বর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল গেটে খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত বিষয়ে ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে ডা. জাহিদ এসব বলেন।
এদিন বিকেলে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে এভারকেয়ার হাসপাতালে যান স্বরাষ্ট্র উপদষ্টো লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। প্রায় এক ঘণ্টার অধিক সময় তিনি হাসপাতালে অবস্থান করেন। এ সময় স্বরাষ্ট্র উপদষ্টো খালেদা জিয়ার চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।
ব্রিফিংয়ে ডা. জাহিদ বলেন, আমরা খুবই আশাবাদী যে, উনার সুচিকিৎসা নিশ্চিত করা যাবে। পরবতির্তে হয়তো যেকোনো সময়ে প্রয়োজনে দেশের বাইরেও নিয়ে যাওয়া হতে পারে। এখনো এটা বলার সময় আসে নাই। দেশনেত্রী যাতে এবারে যে উনার শারীরিক সংকটময় অবস্থা অতিক্রম করছেন—সেটি যাতে উনি সফলভাবে আল্লাহর রহমতে অতিক্রম করতে পারে, সেজন্য আমরা সবার কাছে সহযোগিতা চাই।
খালেদা জিয়ার ব্যক্তিগত এই চিকিৎসক বলেন, উনি (খালেদা জিয়া) সিসিইউতে চিকিৎসাধীন আছেন। উনি সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থার, সর্বোচ্চ পর্যায়ে একটি সংকটাপন্ন মানুষের জন্য যেটি প্রয়োজন, সেই চিকিৎসার মধ্যেই উনি আছেন। এনিয়ে কোনো গুজবে কান না দেয়ার জন্য সকলের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি। আর উনাকে যে চিকিৎসা দেওয়া হচ্ছে, চিকিৎসকরা তাকে যে চিকিৎসা দিচ্ছেন তা তিনি গ্রহণ করতে পারছেন। সেটি উনি নিয়ে সত্যিকার অর্থে রেসপন্স (সাড়া) করছেন।

