বিশেষ কেউ ভালো, বাকি সবাই খারাপ এটি গণতন্ত্রের জন্য বিপজ্জনক: তারেক রহমান
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৯ পিএম
বিশেষ কেউ ভালো, বাকি সবাই খারাপ এটি গণতন্ত্রের জন্য বিপজ্জনক বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার বিকেলে ঢাকার ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। বিজয়ের মাস উপলক্ষে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক এ অনুষ্ঠানে ছাত্রদলের সারা দেশের জেলা পর্যায়ের বিভিন্ন ইউনিটের হাজারের বেশি নেতা অংশ নেন।
তারেক রহমান আরও বলেন, আমরা গত ১৬ বছর ধরে দেখেছি— ‘আমি ভালো আর সব খারাপ’। দুঃখজনকভাবে হলেও ৫ তারিখের পরে কেন জানি মনে হচ্ছে— এমন ভাবনার পরিবর্তন হয়নি। এটির পরিবর্তন হওয়া বাঞ্ছনীয় এবং অত্যন্ত জরুরি। আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী, মানুষ বিভিন্ন মতামত দেবে, মতামত দেওয়ার অধিকার সবার আছে। কিন্তু অবশ্যই একজন ভালো আর সবাই খারাপ, এটি কোনোভাবেই কাম্য হতে পারে না। এ ধারণার পরিবর্তন হতে হবে। এটি গণতন্ত্রের জন্য হুমকি। একজন বিশেষ কেউ ভালো, বাকি সবাই খারাপ— এটি গণতন্ত্রের জন্য বিপজ্জনক।
শঙ্কা প্রকাশ করে তারেক রহমান বলেন, ‘সামনের যুদ্ধটা অনেক কঠিন। কারণ, বর্তমানে বহু ষড়যন্ত্র চলছে যে, কীভাবে গণতান্ত্রিক ব্যবস্থাকে ব্যাহত করা যায়।
বাংলাদেশের মানুষ গত বছরের ৫ আগস্টের আগে স্বৈরাচার বিতাড়িত করার আন্দোলনে প্রাণপণ লড়াই করেছে। তাই গণঅভ্যুত্থানের মাস্টারমাইন্ড একমাত্র দেশের সাধারণ মানুষ। এ আন্দোলনের মাস্টার মাইন্ড একজন গৃহবধূ, ক্ষুদ্র মুদির দোকানদার, শিক্ষক, রিকশাচালক, ভ্যানচালক, বাসের হেলপার, ছাত্র-জনতা এমনকি ছোট ছোট শিশুরা। ৬৩ জন শিশু সেই আন্দোলনে মারা গিয়েছিল। এর উদ্দেশ্য ছিল একটাই— তা হলো দেশে একটি জবাবদিহিতার সরকার প্রতিষ্ঠা হবে। জবাবদিহিতা থাকলেই ধীরে ধীরে শুভ পরিবর্তন ঘটা শুরু হবে।’
তারেক রহমান বলেন, ‘পেটের ক্ষুধা বাস্তবতার কথা বলে। খালি পকেট বাস্তব কথা বলে। পত্র-পত্রিকার পাতা খুললেই দেখছি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের হাজারো সমস্যা। মিল-ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে। দেশি-বিদেশি বিনিয়োগকারীরা বলছে— আমরা বিনিয়োগ করতে চাই না। হাসপাতালগুলোতে ঠিকভাবে চিকিৎসাসেবা নেই। স্কুল-কলেজে সেইভাবে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে না। রাস্তায় বের হলে ছিনতাই, দুর্ঘটনার কবলে পড়ে সুস্থ শরীরে ফিরে আসা যাবে কিনা সেই নিশ্চয়তা নেই। সবকিছু অস্বাভাবিকভাবে চলছে। এভাবে চলতে পারে না। চলতে দেওয়া যেতে পারে না। এ অস্বাভাবিক অবস্থা থেকে দেশকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসতে হলে গণতন্ত্রের কোনো বিকল্প নেই, নেই এবং নেই।’
