আগামী নির্বাচনে জনগণই তাদের ভোট পাহারা দেবে: সালাহউদ্দিন আহমদ
আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণই তাদের ভোট পাহারা দেবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। আজ শনিবার দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ইসলামনগর শহীদ হোছাইন চৌধুরী উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক মহিলা সমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হবে এমন একটি নির্বাচন, যা সারা বিশ্বে প্রশংসা অর্জন করবে।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আশা করি এই সপ্তাহের মধ্যেই আগামী নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই বাংলাদেশে ঐতিহাসিক এবং পরিবর্তনের সূচনাকারী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, ১৬-১৭ বছর দেশের মানুষ আওয়ামী সরকারের ‘ফ্যাসিবাদী’ শাসনের কারণে ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত ছিল। নামমাত্র সাংবিধানিক ও গণতান্ত্রিক ব্যবস্থা চালু থাকলেও বাস্তবে শেখ হাসিনা দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন।
সালাহউদ্দিন আহমদ শেখ হাসিনার সমালোচনা করে বলেন, শেখ হাসিনা বাংলাদেশের অস্তিত্ব বা মানুষের প্রতি প্রকৃত আস্থা বা দায়বদ্ধতা কখনোই দেখাননি। তিনি বাংলাদেশের মানুষের সেবক না হয়ে বরং একটি পাশের দেশের স্বার্থ রক্ষায় কাজ করতেন। তাঁর ক্ষমতায় থাকার মূল উদ্দেশ্য ছিল দেশের সম্পদ লুটপাট করা এবং দেশকে অন্যের প্রভাবাধীন করে ফেলা।

