বিএনপি ক্ষমতায় এলে সবাইকে স্বাস্থ্যকার্ড দেওয়া হবে: সালাহউদ্দিন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ৩১ দফা ঘোষণার মাধ্যমে আমরা পরিষ্কারভাবে জানিয়েছি- বিএনপি ক্ষমতায় এলে দেশের সব নাগরিককে চিকিৎসা ও স্বাস্থ্যসেবার আওতায় আনতে স্বাস্থ্যকার্ড দেওয়া হবে ইনশাআল্লাহ। সবার জন্য স্বাস্থ্যসেবাই আমাদের নীতি, এই দেশে কেউ বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করবে না।
আজ বৃহস্পতিবার নিজের সংসদীয় আসন কক্সবাজার-১ এ প্রচারণার তৃতীয় দিনে পেকুয়া উপজেলার মগনামায় আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, প্রথম দফায় ৫০ লাখ থেকে ১ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। পর্যায়ক্রমে সব পরিবারকে এই সুবিধার আওতায় এনে দারিদ্র্য দূর করা হবে। বিএনপি প্রতিশ্রুতি দেয় এবং প্রতিশ্রুতি রক্ষা করে। এদেশের গণমানুষের দল বিএনপি- সবার প্রতীক ধানের শীষ। আপনারা ঘরে ঘরে ধানের শীষের জন্য ভোট চাইবেন। আমৃত্যু আপনাদের পাশে আছি।
সালাহউদ্দিন আহমদ এ সময় খালেদা জিয়ার সুস্থতা কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করে বলেন, তিনি আমাদের নেত্রী, আপনাদের নেত্রী। আপনারা সবাই আল্লাহর কাছে প্রার্থনা করবেন, যেন তিনি দ্রুত সুস্থ হয়ে ওঠেন।

