বিএনপি ক্ষমতায় এলে ‘ভারতের দাদাগিরি’ বন্ধে গুরুত্ব দেবে: মির্জা ফখরুল
বিএনপি ক্ষমতায় এলে ‘ভারতের দাদাগিরি’ বন্ধে গুরুত্ব দেবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীর ওপর রাবার ড্যাম পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
আজ শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীর ওপর নির্মিত রাবার ড্যাম পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল বলেন, বিএনপি জনগণের ভোটে দায়িত্বে এলে বিশেষ গুরুত্ব পাবে ফারাক্কা ও তিস্তা ইস্যু। ন্যায্য পানির হিস্যা, সীমান্তে হত্যা বিষয়গুলোকে বেশি গুরুত্ব দেওয়া হবে। বাংলাদেশের ওপর ‘ভারতের দাদাগিরি’ বন্ধে বেশি গুরুত্ব দেবে।
তিনি আরও বলেন, ভারত প্রতিবেশী দেশ। ইচ্ছা করলেই বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে পারে। ফখরুল বলেন, ‘১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ভারত সহযোগিতা করেছিল। তাদের আরও বেশি করে বাংলাদেশকে সহযোগিতা করা দরকার। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা উল্টো দেখছি। মোদি সরকার বাংলাদেশকে চাপে ফেলেছে। সবকিছু নিয়ে গেছে। কিন্তু আমাদের কিছু দেয়নি।’

