Logo
Logo
×

রাজনীতি

নোয়াখালীতে এনসিপির যুবশক্তির থেকে ২৩ জনের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ০৪:১৪ পিএম

নোয়াখালীতে এনসিপির যুবশক্তির থেকে ২৩ জনের পদত্যাগ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তির নোয়াখালী জেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই দফায় দফায় পদত্যাগের ঘটনা ঘটেছে। আজ বুধবার সকালে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন কমিটি ঘোষণার পর প্রথম পদত্যাগ করা সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াছিন আরাফাত।

গতকাল মঙ্গলবার রাতে সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে ৪১ সদস্যের আহ্বায়ক কমিটির অনুমোদন প্রকাশ করা হয়। কিন্তু প্রকাশের পরপরই ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে একে একে ২৩ জন নেতা পদত্যাগের ঘোষণা দেন।

এর মধ্যে প্রথমেই পদত্যাগ করেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াছিন আরাফাত। তার পরপরই যুগ্ম সদস্যসচিব-১ ব্যতীত অন্য সব যুগ্ম সদস্যসচিব, সিনিয়র যুগ্ম সদস্যসচিবসহ একাধিক পদধারী নেতা-কর্মী একযোগে পদত্যাগ করেন। এতে সংগঠনের মধ্যে ব্যাপক অস্থিরতা সৃষ্টি হয়।

পদত্যাগকারীদের অভিযোগ, তৃণমূলের নিবেদিতপ্রাণ নেতা-কর্মীদের যথাযথ মূল্যায়ন না করে কেন্দ্রীয় পর্যায়ের লবিংয়ের ভিত্তিতে কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে প্রকৃত ত্যাগী ও মাঠের নেতারা উপেক্ষিত হয়েছেন।

পদত্যাগ করা সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াছিন আরাফাত বলেন, আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছিলাম। আজ আমরাই বৈষম্যের শিকার হলাম। কেন্দ্রীয় নেতারা পছন্দের মানুষ দিয়ে কমিটি করেছে। তাই পদত্যাগের হিড়িক পড়েছে। সব মিলিয়ে এই কমিটি আর চলার মতো অবস্থায় নেই। ৪১ সদস্যের কমিটি থেকে ২৩ জন পদত্যাগ করেছে। এর মধ্যে সিনিয়র যুগ্ম আহ্বায়ক সিনিয়র যুগ্ম সদস্যসচিব, সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক, শহীদ পরিবারের সদস্য, জুলাই আহত যোদ্ধা থেকে শুরু করে অনেকে রয়েছে। আমরা সংবাদ সম্মেলন করে এই কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করব। এটা আমাদের প্রতিবাদ। আমরা কথা ও প্রতিবাদ চালিয়ে যাব।

কেন্দ্রীয় যুবশক্তির একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, কমিটি দেওয়ার জন্য সাক্ষাৎকার নেওয়া হয়েছিল, কিন্তু সে অনুযায়ী কমিটি হয়নি। তৃণমূলের ক্ষোভের বিষয়ে তাঁরা অবগত। বিষয়টি কেন্দ্রীয়ভাবে পর্যালোচনা করা হবে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন