আসিফ মাহমুদ। ছবি: সংগৃহীত
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ঢাকা-১০ সংসদীয় আসনের ভোটার হচ্ছেন। নির্বাচনি আসন সমঝোতা নিয়ে আলোচনার মধ্যেই ঢাকার এই আসনে ভোটার হচ্ছেন তিনি।
আজ রবিবার (৯ নভেম্বর) বিকেলে তিনি ধানমন্ডি থানা নির্বাচন কার্যালয়ে উপস্থিত হয়ে ভোটার হওয়ার জন্য আবেদন করবেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. সালাউদ্দিন সংবাদমাধ্যমকে এই তথ্য জানান।
তিনি বলেন, 'উপদেষ্টা মহোদয় বর্তমানে কুমিল্লার ভোটার। ভোটার এলাকায় স্থানান্তর করে তিনি ধানমন্ডি থানার ভোটার হবেন।'
সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটার এলাকা স্থানান্তরের শেষ সময় সোমবার। এর আগের দিন এ উদ্যোগ নিলেন উপদেষ্টা।
সংসদ নির্বাচনে যেকোনো এলাকায় ভোটার হয়ে নির্বাচন করার সুযোগ রয়েছে। তবে ভোট দিতে পারবেন বর্তমান ঠিকানায়। এক্ষেত্রে উপদেষ্টাকে ঢাকায় ভোটার এলাকায় স্থানান্তর করলে এ নির্বাচনি এলাকায় ভোট দিতে হবে।
এর আগে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকে তার আসিফ মাহমুদের নির্বাচন করার বিষয়ে আলোচনা ছিল। তবে সম্প্রতি গুঞ্জন ওঠে যে, বিএনপির সঙ্গে আসন সমঝোতা হলে তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে ইস্তফা দিয়ে ঢাকা-১০ আসনে নির্বাচন করতে পারেন। ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগান ও হাজারীবাগ থানা নিয়ে ঢাকা-১০ নির্বাচনি আসনটি গঠিত।
বিএনপি এখনও ঢাকা-১০ আসনে তাদের প্রার্থী চূড়ান্ত না করায় গুঞ্জন আরও জোরালো হয়। এই আসনে জামায়াতের প্রার্থী সুপ্রিম কোর্টের আইনজীবী জসীম উদ্দিন সরকার। এখন আসিফ মাহমুদের এই আসনের ভোটার হতে যাওয়ার মধ্য দিয়ে গুঞ্জনটি আরও পাকাপোক্ত হচ্ছে।
