বিএনপিতে যোগ দিলেন মীর মুগ্ধের ভাই স্নিগ্ধ
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধের যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বিএনপিতে যোগদান করেছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছ থেকে নতুন সদস্য ফরম নিয়ে পূরণ করে জমা দেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। এ সময় ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্নিগ্ধের যোগদানের কয়েকটি ছবি প্রকাশ করা হয়েছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ঢাকা মহানগর উত্তর বিএনপি আহবায়ক আমিনুল হক, মীর মাহবুবুর রহমান স্নিগ্ধের বাবা মোস্তাফিজুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে গঠিত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্বে ছিলেন মীর স্নিগ্ধ। এ বছরের ৮ মে তিনি পদত্যাগ করেন।

