প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ নিতে সম্মত এনসিপি
প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ নিতে সম্মত হয়েছে। বৈঠক শেষে এনসিপির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে ‘শাপলা’ প্রতীক নিয়ে ৪ মাস ৯ দিন ধরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে টানাপড়েন চলছিল নির্বাচন কমিশনের। সম্প্রতি ইসি তাদের ‘শাপলা কলি’ প্রতীক বরাদ্দ দিয়েছে। তবে তিনটি প্রতীক চেয়ে আবেদন করে এনসিপি। এর মধ্যে ছিল শাপলা, সাদা শাপলা এবং শাপলা কলি।
আজ রবিবার বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে এনসিপির প্রতিনিধিদল। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
এ সময় সাংবাদিকেরা প্রশ্ন করেন—আপনারা কি ‘শাপলা কলি’ প্রতীক নেবেন? জবাবে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমরা শাপলা কলি নেব। তবে শাপলা কেন দেওয়া হবে না, সে ব্যাখ্যা আমরা এখনো পাইনি।’
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ ও শাপলা কলির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে।
প্রতীকের তালিকা সংশোধন করে শাপলা, সাদা শাপলা ও শাপলা কলি প্রতীকের জন্য ইসিতে আবেদন করা হয়েছে বলেও জানান তিনি।

