Logo
Logo
×

রাজনীতি

জুলাই সনদের স্বাক্ষরিত কপি বদলে বিএনপির সঙ্গে প্রতারণা করা হয়েছে: রিজভী

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ০৩:৫১ পিএম

জুলাই সনদের স্বাক্ষরিত কপি বদলে বিএনপির সঙ্গে প্রতারণা করা হয়েছে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, চব্বিশের গণ-অভ্যুত্থান পরবর্তী ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’ স্বাক্ষরিত কপির বিএনপির স্বাক্ষরিত পাতা বদল করা হয়েছে। বিএনপির পক্ষ থেকে জুলাই সনদের যে পাতায় স্বাক্ষর করা হয়েছিল সেই পাতা বদল করে ঐকমত্য কমিশনে জমা দেওয়া হয়েছে। দেশে নির্বাচন যেন না হয় সেজন্য গভীর ষড়যন্ত্র হচ্ছে। আজ বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ীর পাচুরিয়া ইউনিয়নের অন্ধ গফুরের বাড়িতে তিনি এসব কথা বলেন।

রিজভী আরও বলেন, একটা ফ্যাসিবাদী আমল সরে গিয়েছে। বিরোধী দলের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার আমল। বিরোধী দল যেন কথা বলতে না পারে সেই আমল সরে গিয়েছে। ওই আমলে মানুষ ফিসফিস করে কথা বলেছে। মুক্তকণ্ঠে কথা বলার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ ১৭ বছর লড়াই করেছেন।

রিজভী বলেন, প্রধান উপদেষ্টা এবং তার গঠিত কমিশনকে সবাই বিশ্বাস করে। কিন্তু সেই কমিশনের মাধ্যমে এমন প্রতারণামূলক কাজ হবে তা মানুষ আশা করে না। সব রাজনৈতিক দল এই সরকারকে সমর্থন দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, জুলাই সনদে ৪৮টি ধারা রয়েছে। এটির আইনিকরণ করতে হলে সংবিধান সংশোধন করতে হবে। এ সময় জনগণের অধিকারকে সরকার, কমিশন, দলগুলোর সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে বলে মন্তব্য করেন তিনি। 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন