জুলাই সনদ বাস্তবায়নে যেন সংবিধানের বাইরে না যাই: সালাহউদ্দিন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ে আমরা যেন কোনোভাবেই আইনের বাইরে না যাই, সংবিধানের বাইরে না যাই। এমন কিছু যেন না করি, যার ফলশ্রুতিতে এসব বিষয় ভবিষ্যতে আদালতে চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। রাজধানীর কাকরাইলে আজ রবিবার গণঅধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জুলাই সনদকে জাতীয় ঐক্যের প্রতীক আখ্যা দিয়ে বিএনপির এই নেতা বলেন, জুলাই সনদ বাস্তবায়নের জন্য আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ। এটি বাস্তবায়নের জন্য নির্বাচিত জাতীয় সংসদই হবে উপযুক্ত ফোরাম। জুলাই সনদ বাস্তবায়ন নিশ্চিত করতে জাতীয় ঐকমত্য কমিশন বা সরকার যেন সংসদকে আইনগতভাবে বাধ্য রাখার প্রস্তাব আনে। এমন আইনগত ভিত্তি গড়ে তুলতে হবে, যাতে আগামী ১০ বা ১৫ বছর পর কেউ এই প্রক্রিয়াকে অবৈধ বলতে না পারে।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, আমরা ঐক্যবদ্ধ হয়েই ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বিজয় অর্জন করেছি। সেই ঐক্যের ফলেই ফ্যাসিবাদের পতন ঘটেছে, স্বৈরাচার পালাতে বাধ্য হয়েছে। এই ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি— এটি নষ্ট হলে গণতন্ত্রের অগ্রযাত্রা থেমে যাবে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রশ্নে সবাইকে এক থাকতে হবে। ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে সব দরজা বন্ধ করে দিতে হবে।
নতুন রাজনৈতিক দল এনসিপির প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘তাদের অনেক প্রস্তাব আমরা সমর্থন করি। তবে এসব প্রস্তাব যেন বাস্তবসম্মত হয় এবং ভবিষ্যতে প্রশ্নবিদ্ধ না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।’

